সূত্রের খবর, ঝাড়খণ্ডে পশ্চিমবঙ্গের শ্রমিকের হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানান অভিষেক। হেমন্ত আশ্বাস দিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে ঝাড়খণ্ড পুলিশ।
.jpeg.webp)
শেষ আপডেট: 16 January 2026 17:16
দ্য ওয়াল ব্যুরো: ঝাড়খণ্ডে কাজে গিয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙার পরিযায়ী শ্রমিকের (Mysterious death of migrant worker in Jharkhand) মৃত্যুর ঘটনায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের (Hemant Soren) সঙ্গে ফোনে কথা বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
অভিযোগ, খুন করা হয়েছে তাঁকে। ঘটনাকে কেন্দ্র করে বেলডাঙায় উত্তেজনা ছড়িয়েছে। সূত্রের খবর, ঝাড়খণ্ডে পশ্চিমবঙ্গের শ্রমিকের হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানান অভিষেক। হেমন্ত আশ্বাস দিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে ঝাড়খণ্ড পুলিশ।
শুক্রবার সকালে ঝাড়খণ্ডে উদ্ধার হয় বেলডাঙার বাসিন্দা আলাউদ্দিন শেখের দেহ। কাজের সূত্রে সেখানে গিয়েছিলেন তিনি। পরিবারের দাবি, ‘নৃশংসভাবে’ তাঁকে খুন করা হয়েছে। জানা যায়, ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতেন আলাউদ্দিন। ভাড়াঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। যদিও প্রতিবেশী ও গ্রামবাসীদের অভিযোগ, প্রথমে পিটিয়ে খুন করা হয় যুবককে, পরে দেহ ঝুলিয়ে দেওয়া হয়। পরিবারের আরও দাবি, মুর্শিদাবাদের শ্রমিক হওয়ার কারণেই এই পরিণতি।
এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই বেলডাঙায় উত্তাল পরিস্থিতি তৈরি হয়। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে চলে বিক্ষোভ। আটকে যায় ট্রেন, বাস ও লরি। পরিস্থিতি সামাল দিতে সকলকে শান্ত থাকার আবেদন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, মৃতের পরিবারের পাশে রয়েছে রাজ্য সরকার। যা ঘটেছে, তা অনভিপ্রেত। ঘটনার বিচার হবে বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরের সামনে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী এও বলেন, পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের প্রতিটি ঘটনায় দোষীদের আমরা গ্রেফতার করবই।
এর পরেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন তৃণমূলের দ্বিতীয় শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেলডাঙার পরিযায়ী শ্রমিক হত্যায় যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি। জানা যাচ্ছে, হেমন্ত সোরেন আশ্বস্ত করেছেন, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে।