
ফাইল ছবি।
শেষ আপডেট: 20 March 2025 10:36
দ্য ওয়াল ব্যুরো: শহর কলকাতা (Kolkata)থেকে ফের দম্পতির দেহ উদ্ধার হল (Mysterious Death)। এবার ঘটনাস্থল গড়িয়ার (Garia) আদর্শনগর।
পুলিশ সূত্রের খবর, বুধবার রাতে সংশ্লিষ্ট এলাকার একটি ভাড়া বাড়ি থেকে দম্পতির দেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন স্বামী। তবে কী কারণে এই আত্মহত্যা, তা স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন তরুণ দাস ও আশা দাস। ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানিয়েছেন, ৬ মাস আগে ওই দম্পতি এলাকার একটি বাড়িতে ভাড়ায় আসেন। তাঁদের ছেলেমেয়েও রয়েছে। তবে তাদের চোখে, মুখে বুধবারও হতাশার কোনও ছবি দেখা যায়নি বলে স্থানীয়দের দাবি। রাতে সন্দেহ হওয়ায় বাসিন্দারা পুলিশকে খবর দেন।
পুলিশ এসে দেখে ঘরের মধ্যে তরুণের দেহ ঝুলছে। তাঁর স্ত্রীর দেহ পড়ে রয়েছে বিছানায়। আশাদেবীর গলায় গভীর ক্ষতর দাগ। যা থেকে পুলিশের অনুমান, স্ত্রীকে খুন করে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি।
বস্তুত, শহরের একের পর এক আত্মহত্যার ঘটনা ঘিরে জনমানসে তীব্র শোরগোলও তৈরি হয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি ট্যাংরা থেকে উদ্ধার হয় দুই বধূ ও কিশোরী মেয়ের দেহ। ওই ঘটনায় পরিবারেরই সদস্য ছোট ভাই প্রসূন দে কে সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। তার কয়েকদিন পরেই মধ্যমগ্রাম থেকে উদ্ধার হয় মা, মেয়ের দেহ। ওই ঘটনার অব্যহতি পরে বেহালা থেকে বাবা ও মেয়ের দেহ উদ্ধার হয়েছিল। তারপর কসবা থেকে এক দম্পতির দেহ উদ্ধার হয়েছিল। এবার গড়িয়া।