গত শুক্রবার সেই বিষ একটু বেশি পরিমাণে পান করতেই মর্মান্তিক পরিণতি হল নাবালকের। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার গভীর রাতে মারা যায় সে। বাড়ি মুর্শিদাবাদের বড়েঞা থানার সুন্দরপুর গ্রামে।

মৃত কিশোর
শেষ আপডেট: 4 June 2025 18:43
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বয়স সন্ধিক্ষণে শিশুমনের অদ্ভুত কৌতূহল! তারই মর্মান্তিক পরিণত দেখল বর্ধমান।
বিষ খেতে কেমন হয়? জানার তাগিদে লুকিয়ে লুকিয়ে প্রতিদিনই ঘরে রাখা কীটনাশক অল্প অল্প করে পান করত নবম শ্রেণির ছাত্র নিতাই বাগদি। বিষের স্বাদ পেলেও তার প্রতিক্রিয়া শরীরে না হওয়ায় কৌতূহল আরও বাড়তে থাকে।
গত শুক্রবার সেই বিষ একটু বেশি পরিমাণে পান করতেই মর্মান্তিক পরিণতি হল নাবালকের। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার গভীর রাতে মারা যায় সে। বাড়ি মুর্শিদাবাদের বড়েঞা থানার সুন্দরপুর গ্রামে।
মৃত নাবালকের কাকা গৌরাঙ্গ বাগদী জানান, বিষ সম্পর্কে নানা রকম কৌতুহল থেকে পরিবারের অজ্ঞাতে লুকিয়ে লুকিয়ে প্রায় প্রতিদিনই অল্প অল্প করে বিষ পান করতে শুরু করে নিতাই। কিছু হচ্ছে না দেখে গত শুক্রবার সেই বিষই বেশি পরিমাণে পান করে নেয়। তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে তাকে প্রথমে কান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার গভীর রাতে তার মৃত্যু হয়।
মনোবিদ ডাঃ শান্তরূপ দে বলেন, "বয়স সন্ধিকালে ছেলে মেয়েদের মধ্যে বিভিন্ন বিষয়ে কৌতূহল হয়। হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এই ক্ষেত্রে পরিবারের উদাসীনতা পুরোপুরি দায়ী। যখন পরিবারের লোকজন বিষয়টি জানতে বা বুঝতে পারে, তখন তাদের সচেতন হওয়া জরুরী ছিল।"