এক কাপ চা, আর তার সঙ্গে একটিমাত্র বিস্কুট—এই সামান্য জিনিসই রক্তাক্ত পরিণতির দিকে ঠেলে দিল গোটা ঘটনা।

প্রতীকী ছবি।
শেষ আপডেট: 5 November 2025 17:42
দ্য ওয়াল ব্যুরো: এক কাপ চা, আর তার সঙ্গে একটিমাত্র বিস্কুট—এই সামান্য জিনিসই রক্তাক্ত পরিণতির দিকে ঠেলে দিল গোটা ঘটনা। বুধবার সকালে রায়নার খালেরপুল চত্বর যেন হঠাৎই থমকে গেল এক ভয়াবহ হত্যাকাণ্ডে।
নিহত চায়ের দোকানি ফরিদ আলি শেখ (৫০), বাড়ি মাছখান্ডা গ্রামে। শান্ত স্বভাবের মানুষ হিসেবে এলাকায় তাঁর খ্যাতি ছিল। কিন্তু ভাগ্য যেন নিষ্ঠুর খেলা খেলল তাঁর সঙ্গে। পুলিশের সূত্রে জানা গিয়েছে, সকালবেলায় বেলসরের বাসিন্দা হোসেন মোল্লা, পেশায় রাজমিস্ত্রি, ফরিদের দোকানে চা খেতে আসেন। চায়ের সঙ্গে দেওয়া বিস্কুট নাকি তাঁর পছন্দ হয়নি। সেই নিয়েই শুরু হয় কথা কাটাকাটি।
প্রথমে দোকানে উপস্থিত অন্য ক্রেতাদের চেষ্টায় পরিস্থিতি সামাল দেওয়া গেলেও কিছুক্ষণের মধ্যেই ফের ফিরে আসে হোসেন। অভিযোগ, এবার আর কথা নয়—রাগে ফেটে পড়ে হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে ফরিদের উপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন দোকানি।
চোখের সামনে এমন দৃশ্য দেখে স্তব্ধ দোকানের অন্য ক্রেতারা। দ্রুত ফরিদকে উদ্ধার করে প্রথমে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর একের পর এক বেসরকারি হাসপাতালে স্থানান্তর। কিন্তু সব চেষ্টা ব্যর্থ—অবশেষে মৃত্যু হল চায়ের দোকানি ফরিদ আলি শেখের।
ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত অভিযুক্ত হোসেন মোল্লাকে গ্রেফতার করেছে। বুধবার তাঁকে আদালতে তোলা হয়েছে। স্থানীয়দের কথায়, “একটা বিস্কুট নিয়ে এমন ঘটনা! ভাবতেও পারছি না। ফরিদদা তো সবার প্রিয় ছিল।”
রায়নার খালেরপুলের সকাল এখন বিষণ্ণ—চায়ের কাপ হাতে বসে থাকা মানুষদের চোখে একটাই প্রশ্ন, “একটা বিস্কুটের দাম কি সত্যিই এত বেশি?”