শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল বিধায়ক মুকুটমণি বলেন, তিনি নতুন গাড়ি কিনেছেন তাই পুজো দিতে এসেছিলেন।

শান্তনুর সঙ্গে 'সৌজন্য' সাক্ষাৎ মুকুটমণির
শেষ আপডেট: 8 March 2026 14:29
দ্য ওয়াল ব্যুরো: ভোটের আগে ঠাকুরবাড়িকে কেন্দ্র করে কী ফের রাজনৈতিক সমীকরণ পাল্টাতে চলেছে? শনিবার সন্ধ্যায় রানাঘাট দক্ষিণের তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারী (Mukutmani Adhikari) এবং বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) হঠাৎ সাক্ষাৎ সেই জল্পনাই উস্কে দিয়েছে। যদিও তৃণমূলের বিধায়ক এটিকে 'সৌজন্য সাক্ষাৎ' বলেই দাবি করেছেন।
সূত্রের খবর, গতকাল দুই বিরোধী নেতার মধ্যে দীর্ঘ সময়ের বৈঠক হয়েছে। এনিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা ধরণের আলোচনা। বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আগে এই সাক্ষাৎ কি শুধুই সৌজন্য, নাকি এর পেছনে কোনো বড় রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত রয়েছে- এ প্রশ্নও ঘুরপাক খাচ্ছে।
তবে শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল বিধায়ক মুকুটমণি বলেন, তিনি নতুন গাড়ি কিনেছেন তাই পুজো দিতে এসেছিলেন। আর শান্তনু ঠাকুরের সঙ্গে কেবল সৌজন্য সাক্ষাৎটুকু সেরেছেন। কেন্দ্রীয় মন্ত্রীও নিশ্চিত করেছেন যে এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।
তবে দুই নেতার এই ব্যাখ্যা সত্ত্বেও, বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আগে তৃণমূল বিধায়কের সঙ্গে বিজেপি সাংসদের একান্ত বৈঠককে ঘিরে নতুন জল্পনা কোনওভাবেই থামানো যাচ্ছে না। অনুমান চলছে, শনিবারের এই সাক্ষাৎ ভবিষ্যতে বড় কোনও রাজনৈতিক বার্তার ইঙ্গিত দিতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের আগে এমন ধরনের হঠাৎ সাক্ষাৎ প্রায়শই রাজনৈতিক কৌশল বা ভাবমূর্তির অংশ হতে পারে। ফলে আগামী দিনগুলোতে এই বৈঠকের প্রভাব কী হবে, তা রাজনৈতিক মহল ও ভোটারদের নজরের কেন্দ্রবিন্দুতে থাকবে।
২০২৪ সালে এই মার্চ মাসেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন তৎকালীন রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিয়েছিলেন। একই মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। যোগদানের পরই বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন মুকুটমণি।
লোকসভা ভোটে (Loksabha Election 2024) হেরে গেলেও পরে উপনির্বাচনে (Assembly By Election) রানাঘাট দক্ষিণ থেকে জয় পেয়েছিলেন মুকুটমণি। ফের কি আবার দলবদল করছেন, শান্তনু-সাক্ষাতের পর বাড়ছে জল্পনা।