আবারও অসম সরকারের এনআরসি নোটিস এল কোচবিহারে। এবার তুফানগঞ্জের শালবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রথম খণ্ড বাঁশরাজা এলাকার বাসিন্দা মোমিনা বিবিকে পাঠানো হল এনআরসি সংক্রান্ত নোটিস।

শেষ আপডেট: 31 July 2025 17:21
কোচবিহার, রিয়া দাস: আবারও অসম সরকারের এনআরসি নোটিস এল কোচবিহারে। এবার তুফানগঞ্জের শালবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রথম খণ্ড বাঁশরাজা এলাকার বাসিন্দা মোমিনা বিবিকে পাঠানো হল এনআরসি সংক্রান্ত নোটিস।তাঁরও পাশে থাকার বার্তা দিয়েছে তৃণমূল।
জানা গেছে, তুফানগঞ্জ ২নম্বর ব্লকের ৯/২৬ নম্বর বুথের বাসিন্দা মোমিনা বিবি প্রায় ৪০ বছর আগে জীবনে একবার বাংলা থেকে অসমে গিয়েছিলেন। আর সেই একবার যাওয়াই কাল হল মোমিনা বিবির জন্য। এত বছর পর অসম সরকারের তরফে আচমকাই তাঁর নামে পাঠানো হয় ফরেনার্স ট্রাইব্যুনালের নোটিস। এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শালবাড়ি এলাকায়।
স্থানীয় বাসিন্দারা ভিড় করেন মোমিনা বিবির বাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি মোমিনা বিবির বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বলেন এবং আশ্বাস দেন, তৃণমূল কংগ্রেস এই অন্যায়ের প্রতিবাদে সর্বতোভাবে তার পাশে রয়েছে। মোমিনা বিবি জানান, ৪০ বছর আগে অসমের এক ব্যক্তির সঙ্গে তাঁর বাবা বিয়ে দিয়েছিলেন। এক বছর সেখানে সংসার করার পর ফিরে আসেন। আর কখনও অসমে যাননি। এই বাংলাতেই তাঁর জন্ম, পরবর্তীতে এখানেই থিতু হয়েছেন। তাই এমন নোটিস পেয়ে দিশেহারা হয়ে পড়েন।
মোমিনা বিবির ছেলে মোজাবির হোসেন জানান, তিনমাস আগেও একবার নোটিস এসেছিল। তবে কারও সঙ্গে দেখা করেননি তাঁরা। তৃণমূলের জেলা সভাপতি দেখা করতে আসায় কিছুটা নিশ্চিন্ত বোধ করছেন তাঁরা।