মোদীর দাবি, এই প্রকল্পগুলি শুধু কর্মসংস্থানই নয়, শিল্পোন্নয়নের নতুন দিগন্ত খুলে দেবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শেষ আপডেট: 18 July 2025 16:54
দ্য ওয়াল ব্যুরো: ফের বাংলার মাটি থেকে উন্নয়নের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। বৃহস্পতিবার দুর্গাপুরের (Durgapur modi meeting) সভা থেকে তিনি প্রায় ৫৪০০ কোটি টাকার সাতটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো এবং জ্বালানি সংক্রান্ত প্রকল্পর উদ্বোধন ও শিলান্যাস করলেন। মোদীর দাবি, এই প্রকল্পগুলি শুধু কর্মসংস্থানই নয়, শিল্পোন্নয়নের নতুন দিগন্ত খুলে দেবে।
সভামঞ্চ থেকে মোদী বলেন, “ভারতের বিকাশে দুর্গাপুরের ভূমিকা অনস্বীকার্য। দুর্গাপুর ভারতের শ্রমশক্তির বড় কেন্দ্র। এই প্রকল্পগুলি বাংলার পরিকাঠামো শক্তিশালী করবে, বিনিয়োগ টানবে, আর যুব সমাজের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে। পূর্ব ভারতের উন্নয়নে এই ধরনের প্রকল্প অপরিহার্য।”
তিনি আরও জানান, “গত দশ বছরে গ্যাস সংযোগে যে কাজ হয়েছে, তা অভাবনীয়। আজ ২৫-৩০ লক্ষ ঘরে পাইপলাইনে গ্যাস পৌঁছেছে। কলকাতা মেট্রোর সম্প্রসারণ চলছে, রেল পরিকাঠামোও দ্রুত উন্নত হচ্ছে।”
মোদীর ঘোষণা অনুযায়ী মূল প্রকল্পগুলি:
সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন (সিডিজি) – ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের এই প্রকল্পের মাধ্যমে বাঁকুড়া ও পুরুলিয়ায় প্রায় ১৯৫০ কোটি টাকার গ্যাস সরবরাহ ব্যবস্থা গড়ে উঠবে।
দুর্গাপুর-কলকাতা গ্যাস পাইপলাইন – ১৩২ কিমি দীর্ঘ এই পাইপলাইন ‘উরজা গঙ্গা’ প্রকল্পের অন্তর্গত, যা পূর্ব ভারতের জ্বালানি চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
পরিবেশবান্ধব তাপবিদ্যুৎ প্রকল্প – দুর্গাপুর ইস্পাত তাপবিদ্যুৎ কেন্দ্র ও রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রে দূষণ নিয়ন্ত্রণ প্রযুক্তি বসাতে খরচ হবে প্রায় ১৪৫৭ কোটি টাকা।
রেল প্রকল্প – পুরুলিয়া থেকে কলকাতা পর্যন্ত ৩৬ কিমি রেললাইন ডাবলিং-এর জন্য ৩৯০ কোটি টাকার বাজেট।
মোদীর সভাকে কেন্দ্র করে দুপুর থেকেই দুর্গাপুরের সভাস্থলে জনজোয়ার। বিহারের সভা সেরে অন্ডাল বিমানবন্দর থেকে সড়ক পথে বিকেল ৪টা ৫ মিনিটে সভাস্থলে পৌঁছন প্রধানমন্ত্রী। প্রশাসনিক সভার পর পাশের ময়দানে রয়েছে রাজনৈতিক জনসভা। সেখান থেকে মোদী কী বার্তা দেন, তা নিয়ে সব মহলে কৌতূহল তুঙ্গে।