প্রতিবেশী ওই নাবালিকাকে দিনের পর দিন শারীরিক নির্যাতন করার অভিযোগ ওঠে পঞ্চায়েত সদস্য ফারুক মল্লিকের বিরুদ্ধে। তার পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়েছে।

শেষ আপডেট: 9 February 2026 11:50
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: প্রতিবেশী নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় চণ্ডীতলা থানার খানপুর এলাকায়।
অভিযোগ, চণ্ডীতলার বরিজহাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য দীর্ঘদিন ধরে প্রতিবেশী এক নাবালিকার উপর শারীরিক নির্যাতন চালাচ্ছিল। এর জেরে নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ঘটনা জানাজানি হতে বিষয়টি সমাধান করার চেষ্টায় বসে দুই পরিবার ও প্রতিবেশীরা। সালিশিতে সমাধান না হওয়ায় পঞ্চায়েত সদস্যকে মারধর করা হয়। চণ্ডীতলা থানার পুলিশ তাকে উদ্ধার করতে গেলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশের কাছ থেকে সদস্যকে কেড়ে নিয়ে মারধর শুরু করে ক্ষিপ্ত জনতা। পরে পুলিশ পঞ্চায়েত সদস্যকে উদ্ধার করে চণ্ডীতলা থানায় নিয়ে যায়।
প্রতিবেশী ওই নাবালিকাকে দিনের পর দিন শারীরিক নির্যাতন করার অভিযোগ ওঠে পঞ্চায়েত সদস্য ফারুক মল্লিকের বিরুদ্ধে। তার পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়েছে। চণ্ডীতলা বিধানসভার তৃণমূল বিধায়ক স্বাতী খন্দকার বলেন, "দোষ করলে আইনত শাস্তি পেতে হবে। তৃণমূল কংগ্রেস এমন একটা দল কেউ দোষ করলে তার শাস্তি পাওয়া নিশ্চিত।"
যদিও পুলিশ জানিয়েছে নাবালিকার পরিবারের পক্ষ থেকে এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।