সরকারি হাসপাতালে রোগীদের খাবারের মান নিয়ে ক্ষোভ বরাবরই ছিল। এবার সেই ক্ষোভই যেন মুখ ফুটে প্রকাশ পেল রাজ্যের মন্ত্রীর মাধ্যমে।

বীরবাহা হাঁসদা।
শেষ আপডেট: 4 July 2025 22:10
দ্য ওয়াল ব্যুরো: সরকারি হাসপাতালে (Government Hospitals) রোগীদের খাবারের মান নিয়ে ক্ষোভ বরাবরই ছিল। এবার সেই ক্ষোভই যেন মুখ ফুটে প্রকাশ পেল রাজ্যের মন্ত্রীর মাধ্যমে। ঝাড়গ্রাম জেলা হাসপাতালে (Jhargram District Hospital) রোগীদের রাতের খাবারের ছবি পোস্ট করলেন রাজ্যের বন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী বীরবাহা হাঁসদা (Birbaha Hansda)।
শুক্রবার নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে (WhatsApp status) সরকারি হাসপাতালের রোগীদের দেওয়া খাবারের ছবি পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে, একটি বড় বাটির মধ্যে ছোট য়েক টুকরো মাংস। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “ঝাড়গ্রাম হাসপাতালে রাতের খাবার! মাংসের পিসের অবস্থা দেখে মুরগিও লজ্জা পায়!”
ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বীরবাহা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সরকারি হাসপাতালের রোগীদের জন্য এমন মানের খাবার কোনওভাবেই মেনে নেওয়া যায় না।
দ্য ওয়ালের তরফে যোগাযোগ করা হলে বীরবাহা বলেন, “আমি যখন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলাম, তখন কিছুটা সমস্যার সমাধান হয়েছিল। এখন প্রিন্সিপালরাই এই পদে রয়েছেন। কেন খাবারের মান এত খারাপ হল, বলতে পারব না। তবে অভ্যাসবশত হঠাৎ ভিজিট করেছিলাম। না এলে তো জানতেই পারতাম না।”
অপর আর একটি স্ট্যাটাসে মন্ত্রী এও লেখেন, 'যেখানে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মা ক্যান্টিন থেকে ৫ টাকায় পেটভর্তি ডিম, ভাত সবাই পায়, সেখানে গরিব মানুষগুলো এরকম খাবার পাচ্ছে দেখে সত্যি খারাপ লাগে'। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “যেখানে জানানোর সেখানে জানাব। এই খাবার কোনওভাবে গ্রহণযোগ্য নয়।”

সূত্রের খবর, ঝাড়গ্রাম হাসপাতালে বাম আমল থেকে একটি নির্দিষ্ট সংস্থা খাবার সরবরাহ করে চলেছে। দীর্ঘদিন ধরেই রোগী ও পরিজনদের মধ্যে খাবারের মান নিয়ে অসন্তোষ ছিল। কিন্তু এবার সেই ক্ষোভের প্রতিধ্বনি শোনা গেল সরাসরি রাজ্যের একজন মন্ত্রীর মুখে।
এ ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, রোগীদের মৌলিক অধিকার সুরক্ষায় সরকারি তদারকি আদৌ যথেষ্ট কি না। সরকারের তরফে এই বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া হবে কি না, সেটাই এখন দেখার।