দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির কথা তুলে ধরে মীনাক্ষীর বক্তব্য, মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ করাই এখন সময়ের সবচেয়ে বড় প্রয়োজন।
.jpeg.webp)
মীনাক্ষী মুখোপাধ্যায়।
শেষ আপডেট: 23 December 2025 18:54
দ্য ওয়াল ব্যুরো: বিদ্যুৎ পরিষেবাকে কেন্দ্র করে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে (protests corruption in the power department) সরব হলেন সিপিআই(এম) নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। একাধিক দাবিকে সামনে রেখে মঙ্গলবার রাজ্যে বিদ্যুৎ কর্মীদের বিক্ষোভ সমাবেশে তীব্র ভাষায় আক্রমণ শানালেন তিনি।
পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ ওয়ার্কমেন্স ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ শিল্প সহায়ক কর্মী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত ওই সমাবেশে বিদ্যুৎ দফতরের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তোলেন মীনাক্ষী। তাঁর অভিযোগ, বিদ্যুৎ পরিষেবার নামে রাজ্যে অনিয়ম ও দুর্নীতি বেড়েই চলেছে, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষ ও কর্মীদের।
সমাবেশের মঞ্চ থেকেই ‘ভারত বাঁচাও যাত্রা’ প্রসঙ্গেও মুখ খোলেন তিনি। দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির কথা তুলে ধরে মীনাক্ষীর বক্তব্য, মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ করাই এখন সময়ের সবচেয়ে বড় প্রয়োজন। তাঁর বক্তব্যে সমাবেশে উপস্থিত কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।
এদিনের সমাবেশে শ্রমিক বিরোধী কালো শ্রম কোড প্রত্যাহার, বিদ্যুৎ সংশোধনী বিল–২০২৫ বাতিল, প্রিপেইড স্মার্ট মিটার বসানো বন্ধ-সহ একাধিক দাবিতে আওয়াজ তোলা হয়। পাশাপাশি বকেয়াসহ কেন্দ্রীয় হারে মহার্ঘভাতা প্রদান, সমান কাজে সমান বেতন, মাসিক ন্যূনতম ২৬ হাজার টাকা মজুরি এবং অস্থায়ী বিদ্যুৎ কর্মীদের স্থায়ীকরণের দাবি জানানো হয়।
এছাড়াও অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মীদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন, পুরনো পেনশন ব্যবস্থা চালু রাখার দাবিও ওঠে সমাবেশ থেকে। সভায় আরও বক্তব্য রাখেন সুদীপ কুমার ধর, বেলা পাত্র-সহ একাধিক নেতা। দাবি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারিও দেন বিদ্যুৎ কর্মী সংগঠনের নেতারা।