রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন সমস্ত অফিসেই এই ছুটি কার্যকর হবে।

ফাইল ছবি।
শেষ আপডেট: 23 December 2025 16:39
দ্য ওয়াল ব্যুরো: গুরু গোবিন্দ সিংয়ের জন্মদিন উপলক্ষে (Guru Gobind Singh's birthday) রাজ্যজুড়ে সরকারি ছুটি ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার নবান্নের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অর্থ (অডিট) দফতরের বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, আগামী ২৭ ডিসেম্বর, শনিবার রাজ্য সরকারের অধীন সমস্ত দফতর, কর্পোরেশন, স্বশাসিত সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে (December 27th is a holiday, notification issued by Nabanna)।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই ছুটি রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন সমস্ত অফিসেই কার্যকর হবে। অর্থাৎ সচিবালয় থেকে শুরু করে জেলা প্রশাসনের দফতর, বিভিন্ন বোর্ড, কর্পোরেশন, সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান—সব ক্ষেত্রেই ওই দিন কাজকর্ম বন্ধ থাকবে। ফলে সরকারি কর্মীদের পাশাপাশি উপকৃত হবেন স্কুল-কলেজের পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকাদের একাংশও।
অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এর আগে ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশের সময় যে নির্দেশিকা জারি করা হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই তালিকায় গুরু গোবিন্দ সিংয়ের জন্মদিন উপলক্ষে ছুটির বিষয়টি উল্লেখ ছিল। মঙ্গলবার সেই সিদ্ধান্ত কার্যকর করতে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হল।

নবান্ন সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন দফতর, জেলা প্রশাসন, ট্রেজারি ও হিসাব দফতরগুলিকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সমস্ত দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে, ওই দিন কোনও অফিসিয়াল কাজকর্ম যেন না হয় এবং পরিষেবা সংক্রান্ত কোনও বিভ্রান্তি এড়াতে আগাম ব্যবস্থা নেওয়া হয়।
শিখ ধর্মের দশম গুরু গুরু গোবিন্দ সিংয়ের জন্মদিন ধর্মীয় ও ঐতিহাসিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। রাজ্যের শিখ সম্প্রদায়ের মানুষের কাছে এই দিনটি বিশেষ গুরুত্ব বহন করে।
রাজ্য সরকারের এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি সরকারি কর্মীদের একাংশ। অন্য দিকে, বছরের শেষে একাধিক ছুটির মাঝে এই ঘোষণায় স্কুল-কলেজ পড়ুয়াদের মধ্যেও উৎসাহ দেখা গিয়েছে।