গোপন জবানবন্দি দিতে এসেও ক্লাব উপদেষ্টা তনয় শাস্ত্রীর বিরুদ্ধে অপমান, হেনস্থার দাবিতে অনড় রইলেন অভিনেত্রী।

মিমি চক্রবর্তী
শেষ আপডেট: 5 February 2026 19:39
প্রতীতি ঘোষ, উত্তর ২৪ পরগনা: বনগাঁ আদালতে গোপন জবানবন্দি দিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। বিচারকের নির্দেশে মেনে বৃহস্পতিবার গোপন জবানবন্দি দিতে বনগাঁ কোর্টে (Bangaon Court) আসেন টলিউডের অভিনেত্রী তথা প্রাক্তন সংসদ মিমি চক্রবর্তী। এদিন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিনেত্রীর গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। তাঁর বয়ানও রেকর্ড করা হয়েছে। গোপন জবানবন্দি দিতে এসেও ক্লাব উপদেষ্টা তনয় শাস্ত্রীর বিরুদ্ধে অপমান, হেনস্থার দাবিতে অনড় রইলেন অভিনেত্রী।
বনগাঁ পুরসভার ঢাকাপাড়ার নয়া গোপালগঞ্জের ওই ক্লাবের উপদেষ্টা তনয় শাস্ত্রী সহ তিনজন এখন জেল হেফাজতে রয়েছেন। আগামী ৭ ফেব্রুয়ারি ফের তাঁদের হাজির করা হবে বনগাঁ কোর্টে। গত ৩ ফেব্রুয়ারি অভিযুক্তদের দ্বিতীয় পর্যায়ে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ওইদিই বনগাঁ কোর্টের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহম্মদ তারিক ফিরদৌস পুলিশকে নির্দেশ দিয়েছিলেন,৬ ফেব্রুয়ারির মধ্যে অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে গোপন জবানবন্দি করাতে হবে।
বিচারকের নির্দেশে মতোই বৃহস্পতিবার দুপুর ১২ টায় বনগাঁয় পৌঁছে যান অভিনেত্রী মিমি চক্রবর্তী। ঘণ্টা তিনেক শহরের একটি অভিজাত হোটেলে ছিলেন মিমি। শেষে বিকেল তিনটের সময় বনগাঁ কোর্টে এসে পৌঁছন অভিনেত্রী। এদিন বনগাঁ কোর্টের জুনিয়র ডিভিশনের ম্যাজিস্ট্রেট আবুল হোসেন জমাদারের সামনে গোপন জবানবন্দি দিয়েছেন মিমি। প্রায় আধঘণ্টা ধরে অভিনেত্রীর জবানবন্দি নেওয়া হয়েছে। তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি অভিনেত্রীর গোপন জবানবন্দি আদালতের বিচারকের কাছে পেশ করবে বনগাঁ থানার পুলিশ। জবানবন্দির শেষে বনগাঁ কোর্টের আইনজীবীদের একাংশ অভিনেত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
জবানবন্দির শেষে অভিনেত্রী মিমি চক্রবর্তী বলেন, "ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি দিতেই এসেছি। আমার লড়াইটা মিথ্যে অভিযোগের বিরুদ্ধে। মিথ্যে অপবাদ দেওয়ার বিরুদ্ধেই আমার লড়াই। অনুষ্ঠানের রাতে তনয় শাস্ত্রী ছাড়া ওই ক্লাবের সব সদস্য খুব ভদ্রভাবে, সম্মানজনক ভাবে আমাকে গাড়িতে তুলে দিয়েছেন। তনয় শাস্ত্রীর বিরুদ্ধে যেসব অভিযোগ করেছি, তাতেই অনড় রয়েছি। আমি স্টেজ থেকে নেমে যাওয়ার পরেও অনুষ্ঠান চলেছে, তার প্রমাণও এদিন দিয়েছি।"