সোমবার গভীর রাতে ঘুমের মধ্যেই অগ্নিদগ্ধ হন জাহিদ-সহ মুর্শিদাবাদের আরও ছয় শ্রমিক। শরীরের ৭৫ শতাংশ পুড়ে গিয়েছিল জাহেদের। আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি।

শেষ আপডেট: 10 October 2025 18:52
দ্য ওয়াল ব্য়ুরো: বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালে একে একে মৃত্যু হল মুর্শিদাবাদের চার পরিযায়ী শ্রমিকের। মৃতরা হলেন হরিহরপাড়ার খিদিরপুরের জাহেদ আলি, বহরমপুরের নাগরাজোলের মিণারুল সেখ, তাজিবুল সেখ ও জিয়াবুর সেখ।
গত সোমবার রাতে বেঙ্গালুরুর বীরদি কারামানি এলাকায় শ্রমিকদের থাকার ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে। অগ্নিদগ্ধ হন মোট সাতজন শ্রমিক। শুক্রবার ভোর থেকে দুপুরের মধ্যে হাসপাতালে মৃত্যু হয় চারজনের। খবর পেতেই শোকের ছায়া নেমে এসেছে হরিহরপাড়া ও বহরমপুরের গ্রামগুলিতে। বিধায়ক নিয়ামত শেখ জানান, দ্রুত মৃতদেহগুলো ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে এবং পরিবারের পাশে থাকবে সরকার। এদিকে আহত ও মৃত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে সিটু বেঙ্গালুরু প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে। কীভাবে অগ্নিদগ্ধ হলেন নির্মাণ শ্রমিকরা তার কোনও প্রত্যক্ষদর্শী নেই।
আশেপাশের লোকজন জানান, গভীর রাতে তাদের ভাড়াবাড়িতে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন জ্বলে ওঠে গোটা ঘরে। বিকট শব্দ ও আর্তনাদ শুনে স্থানীয়রা ছুটে যান। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। প্রথম থেকেই সাতজনের অবস্থা ছিল আশঙ্কাজনক। উদ্ধারকারীদের মধ্যে একজন জানান, গ্যাস সিলিন্ডারের রেগুলেটর থেকে গ্যাস লিক হয়ে এমন সাংঘাতিক ঘটনা ঘটেছে। ঘুমিয়ে পড়ায় কেউ ছুটে বাইরে বেড়িয়ে আসতে পারেননি। ঘটনার খবর আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েন হরিহরপাড়া ও বহরমপুরে ওই শ্রমিকদের পরিবারের লোকজন। শুক্রবার সকালে এই সাত শ্রমিকের একজনের মৃত্যুর খবর এসে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন তাঁরা।
মুর্শিদাবাদ থেকে বরাবরই শ্রমিকদের একটা বড় অংশ রুটিরুজির খোঁজে ভিনরাজ্যে পারি দেন। এবারও হরিহরপাড়া ও বহরমপুর থেকে শ্রমিকদের একটা বড় দল বেঙ্গালুরু গিয়েছিলেন কাজের খোঁজে। অন্য রাজ্যে গিয়ে হামেশাই নানা বিপদে পড়তে হয় তাদের। সম্প্রতি এর সঙ্গে জুড়েছে বাংলাদেশি সন্দেহে হেনস্থার ঘটনা। সপ্তাহ দুয়েক আগে বিহারে ফেরি করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন হরিহরপাড়ার তিন পরিযায়ী শ্রমিক। আক্রান্ত নাসির শেখ, দিলওয়ার হোসেন ও জালিম শেখের বাড়ি হরিহরপাড়া থানার প্রদীপডাঙা গ্রামে। এবার ঘরের মধ্যেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। জখম ছ'জন শ্রমিকের চিকিৎসা চলছে।