.webp)
শেষ আপডেট: 6 April 2024 11:12
দ্য ওয়াল ব্যুরো: ইডির পর এবার এনআইএ। ফের তদন্তে গিয়ে আক্রান্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে।
২০২২ সালের ডিসেম্বর মাসে ভয়াবহ বিস্ফোরণ কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর। ওই বিস্ফোরণে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটে। আদালতের নির্দেশে ভূপতিনগর বোমা বিস্ফোরণের তদন্ত করছে তদন্তকারী সংস্থা।
সেই সূত্রেই শনিবার ভোরে ভূপতিনগরে গিয়ে একাংশ গ্রামবাসীর বিক্ষোভের মুখে পড়তে হয় এনআইএ আধিকারিকদের। এমনকী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি গাড়ির কাচও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। হামলায় জখম হয়েছেন দু'জন আধিকারিক।
ইতিমধ্যে ভাইরাল একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে, এনআইএ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামের একাংশ মহিলা।
ইডির পর এবার আক্রান্ত এনআইএ! পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে ভাঙা হল গাড়ির কাচ, দেখুন ভিডিও#TheWallBangla #ED #NIA #WestBengal pic.twitter.com/z9uxxw1L3z
— The Wall (@TheWallTweets) April 6, 2024
এর আগে গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে শেখ শাহজাহানের খোঁজে সন্দেশখালিতে গিয়ে গ্রামবাসীদের আক্রমণের মুখে পড়েছিলেন ইডি আধিকারিকরা। ঘটনায় তিনজন ইডি আধিকারিকের মাথা ফাটে। মাটিতে ফেলে মারধর করা হয় কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জওয়ানকেও।
এনআইএ সূত্রের দাবি, ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের তদন্তে শনিবার ভোরে ঘটনাস্থলে গিয়েছিলেন তদন্তকারীরা। সেখান থেকে দু'জন অভিযুক্তকে আটক করে গাড়িতে তোলার পরই একাংশ গ্রামবাসী হামলা চালায় বলে অভিযোগ। গাড়ি লক্ষ্য করে পাথরও ছোড়া হয় বলে জানা গেছে। ঘটনায় এআইএ-র দুজন আধিকারিক জখম হয়েছেন।
তদন্তকারীরা ইতিমধ্যে পুরো ঘটনা দিল্লিতে এনআইএর সদর দফতরে জানিয়েছেন। তবে এ ব্যাপারে এনআইএ-র তরফে এখনও কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।
ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে সম্প্রতি আটজনকে এনআইএ-র কলকাতার দফতরে হাজির দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। অভিযুক্তরা অবশ্য হাজিরা দেননি। এরপরই শনিবার ভোরে গ্রামে পৌঁছন তদন্তকারীরা।
স্থানীয় সূত্রের দাবি, এনআইএ-র একটি টিম নিরাপত্তার জন্য এদিন কাকভোরে ভূপতিনগর থানায় পৌঁছেছিল। অপর আরেকটি দল ঘটনাস্থলে পৌঁছে দু'জন অভিযুক্তকে আটক করে। তখনই হামলার ঘটনা ঘটে। ইতিমধ্যে ভূপতিনগর থানায় এ ব্যাপারে এফআইআরও দায়ের করেছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।