
শেষ আপডেট: 7 December 2023 12:35
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: 'সোনার দোকানে ডাকাতি', প্রায়শই এই তিনটি শব্দ খবরের শিরোনামে উঠে আসছে। এখানেই শেষ নয়, এই ডাকাতির কারণে 'খুন'ও হতে হয়েছে সোনার দোকানের মালিককে। আর এবার পূর্ব মেদিনীপুরের এগরায় সোনার দোকানে ফের দুঃসাহসিক ডাকাতি। দোকানের শাটার কেটে ভিতরে ঢুকে লক্ষাধিক টাকার গয়না নিয়ে চম্পট দেয় ডাকাতের দল। ঘটনাটিতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঘটনাটি পূর্ব মেদিনীপুরের এগরা এক নম্বর ব্লকের কামারডিহি বাজারের জামগাঁ এলাকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে গণেশ চন্দ্র পয়রা নামে এক স্বর্ণ ব্যবসায়ীর দোকানে ডাকাতি হয়। বৃহস্পতিবার সকালে গণেশবাবু দোকানে এসে শাটার ভাঙা অবস্থায় দেখেন। এরপর ভিতরে ঢুকে মাথায় হাত পড়ে ব্যবসায়ীর। দোকানের প্রায় সর্বস্ব লুট করে দুষ্কৃতীরা পালিয়েছে বলে জানিয়েছেন তিনি। খবর চাউর হতেই দোকানের সামনে ভিড় জমে যায়। খানিকক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
পুলিশ জানিয়েছে, শাটার কেটে দোকানে ঢোকে দুষ্কৃতীরা। দোকানের আলোও ভেঙে দেওয়া হয়েছে। প্রায় ৩০ মিনিট ধরে লুটপাট চালায় ডাকাতের দল। প্রায় ১০ লক্ষ টাকার গয়না এবং নগদ নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এগরা থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এগরার ব্যস্ত জায়গায় সোনার দোকানে ডাকাতির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একইসঙ্গে স্থানীয়রা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন।
প্রসঙ্গত, গত আগস্ট মাসে রাণাঘাট ও পুরুলিয়ায় সেনকো গোল্ডের আউটলেটে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। এরপরই একে একে আরও অনেক জায়গায় সোনার দোকানে ডাকাতির ঘটনা শিরোনামে আসে। এবার পূর্ব মেদিনীপুরে ডাকাতির ঘটনায় চিন্তার ভাঁজ পড়েছে পুলিশের কপালে।