এর আগের দিনও নেতাজি ইন্ডোরে শিল্প সম্মেলনে বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে একই সমস্যার মুখে পড়েছিলেন মুখ্যমন্ত্রী। টানা দু’দিন একই জায়গায় একই ধরনের যান্ত্রিক গোলযোগ ঘিরে তাই নতুন করে প্রশ্ন উঠছে—এটা কি নিছক অব্যবস্থা, না কি পরিকল্পিত গাফিলতি?

মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 22 December 2025 14:32
দ্য ওয়াল ব্যুরো: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ফের মাইক বিভ্রাট (Microphone outage at Indore for second consecutive day)। আর সেই সমস্যার মাঝেই প্রকাশ্য মঞ্চে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee)। টানা দ্বিতীয় দিন মাইক নিয়ে একই অভিযোগ উঠতেই প্রশ্ন তুললেন, এটা কি শুধুই যান্ত্রিক গোলযোগ, না কি এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে?
এদিন বক্তব্য রাখতে গিয়ে আচমকাই মাইকের শব্দে সমস্যা দেখা দেয়। পিছন থেকে বিএলএ-দের অনেকে বলেন, শুনতে পাচ্ছি না। তাতে বিরক্ত মুখ্যমন্ত্রী বলেন, “আজকেও মাইক বিভ্রাট। আগের দিনও আমি যখন এসেছিলাম, বাণিজ্য বৈঠকের দিন—সেদিনও দেখেছিলাম। আজকেও একই ছবি।”
এখানেই থামেননি তিনি। মাইক পরিচালনার দায়িত্বে থাকা কর্মীদের উদ্দেশে স্পষ্ট ভাষায় বলেন, “মাইকম্যান, আপনারা তো এই কাজের জন্য টাকা পান! প্রত্যেকদিন মাইক বিভ্রাট কেন হচ্ছে? এটা সাবোতাজ হচ্ছে নাতো?”
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে মুহূর্তে স্তব্ধ হয়ে যায় সভাস্থল। আগের দিনের প্রশাসনিক বৈঠকের মতো এদিন বিএলএ এবং বিএলএ টুদের গুরুত্বপূর্ণ বৈঠকে বারবার একই সমস্যা হওয়ায় স্বাভাবিকভাবেই অস্বস্তি ছড়ায় শাসকদলের অন্দরেও।
উল্লেখ্য, এর আগের দিনও নেতাজি ইন্ডোরে শিল্প সম্মেলনে বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে একই সমস্যার মুখে পড়েছিলেন মুখ্যমন্ত্রী। টানা দু’দিন একই জায়গায় একই ধরনের যান্ত্রিক গোলযোগ ঘিরে তাই নতুন করে প্রশ্ন উঠছে—এটা কি নিছক অব্যবস্থা, না কি পরিকল্পিত গাফিলতি?