১৩ তারিখ যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসি ঢোকার আগে মোহনবাগান-ডায়মন্ডহারবারের প্রীতি ম্যাচের রেফারি ছিলেন তারকেশ্বরের দেবব্রত। ম্যাচের মধ্যেই মাঠে ঢোকেন মেসি। প্রীতি ম্যাচের খেলোয়ার ও রেফারিদের সঙ্গে করমর্দন করেন মেসি ,ডি পল, সুয়ারেজ।

শেষ আপডেট: 15 December 2025 14:47
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ভগবান মেসির দর্শন। বাড়তি পাওনা ফুটবলে তাঁর স্বাক্ষর। জীবন সার্থক হয়ে গেছে তারকেশ্বরের যুবকের। যুবভারতীতে অশান্তির আঁচ ছড়িয়ে পড়ার আগেই মেসির সঙ্গে হাত মিলিয়ে স্বপ্ন পূরণ করে নিয়েছেন দেবব্রত নস্কর। যা তাঁর সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে।
গত ১৩ তারিখ যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসি ঢোকার আগে মোহনবাগান-ডায়মন্ডহারবারের প্রীতি ম্যাচের রেফারি ছিলেন তারকেশ্বরের দেবব্রত। ম্যাচের মধ্যেই মাঠে ঢোকেন মেসি। প্রীতি ম্যাচের খেলোয়ার ও রেফারিদের সঙ্গে করমর্দন করেন মেসি ,ডি পল, সুয়ারেজ। সেই সময় মেসির সঙ্গে হাত মেলানোর পাশাপাশি ফুটবলে তাঁর সই সংগ্রহ করেছিলেন দেবব্রত।
তার কিছুক্ষণ পরেই সব উল্টেপাল্টে যায়। মুহূর্তে বদলে যায় ছবি। যা নিয়ে তোলপাড় হয় গোটা রাজ্য।
গত ১৩ বছর ধরে রেফারি হিসাবে ফুটবল মাঠের সঙ্গে যুক্ত দেবব্রত। বর্তমানে জাতীয় স্তরের রেফারি। সন্তোষ ট্রফি, বিসি রায় ট্রফি, সিএফএল এর একাধিক ম্যাচ খেলিয়েছেন। দেশের একাধিক রাজ্যে বড় বড় ফুটবল টুর্নামেন্টে রেফারি হিসাবে ম্যাচ পরিচালনা করেন দেবব্রত। এখনও পর্যন্ত একশোর বেশি বড় ম্যাচ পরিচালনা করেছেন। দেবব্রত জানান, সামনে থেকে ফুটবলের ভগবানকে দেখতে পেয়ে তাঁর জীবন ধন্য হয়ে গেছে।
তাঁর কথায়, "স্বপ্ন ছিল কোনওদিন ফুটবলের রাজপুত্রকে কাছ থেকে দেখার। সেই সাধ পূরণ হয়েছে ফুটবল মাঠে। বাড়তি পাওনা তাঁর হাতের ছোঁয়া, আর ফুটবলে তাঁর স্বাক্ষর রেখে দেওয়া। যা আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকল।" হাজার হাজার টাকার টিকিট কেটে মেসিকে দেখা হয়নি বহু ফুটবল ভক্তের। তবে প্রীতি ম্যাচ পরিচালনার দায়িত্ব থাকায় সেই সুযোগ থেকে বঞ্চিত হতে হল না দেবব্রতকে।