রাজ্য ও দেশের মানুষের শান্তি, কল্যাণ ও অপশক্তির বিনাশ কামনা করলেন তিনি।

ছবি-সংগৃহীত।
শেষ আপডেট: 21 October 2025 18:23
দ্য ওয়াল ব্যুরো: কালীপুজোর (Kali Puja) ঠিক পরের দিন উত্তর ২৪ পরগনার নৈহাটিতে গিয়ে বড়মার মন্দিরে (Naihati Boro Maa) পুজো দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পবিত্র দিনে দেবীর চরণে প্রণাম জানিয়ে রাজ্য ও দেশের মানুষের শান্তি, কল্যাণ ও অপশক্তির বিনাশ কামনা করলেন তিনি।
তাঁর সঙ্গে ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, নৈহাটির বিধায়ক সনৎ দে, জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী-সহ শাসক দলের একাধিক নেতা। স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যেও ছিল প্রবল উন্মাদনা। অভিষেকের যাত্রাপথের ধারে দাঁড়িয়ে বহু মানুষ তাঁকে স্বাগত জানান।
পুজো সেরে পরে নিজের ফেসবুক প্রোফাইলে বড়মা মন্দিরে তোলা কয়েকটি ছবি শেয়ার করে এক আবেগঘন বার্তাও দেন অভিষেক। লেখেন, “ধর্ম যার যার, বড়মা সবার।” পাশাপাশি প্রার্থনা করেন, “এই পুণ্যভূমি হোক অপশক্তি ও দ্বেষমুক্ত। প্রদীপের আলোয় অন্ধকার বিলীন হয়ে বাংলার হৃদয় হোক উদ্ভাসিত।”
শুধু বড়মার পুজো নয়, দক্ষিণ কলকাতার লেক কালীবাড়িতেও কালীপুজোর সকালে দেবীর দর্শনে গিয়েছিলেন অভিষেক। তার পরেই গিয়েছিলেন কালীঘাটে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোয়।
অভিষেক লিখেছেন, “আদ্যাশক্তি মায়ের আগমনে আলোকোজ্জ্বল হয়ে উঠেছে বাংলার নগর থেকে গ্রামাঞ্চল। মা সকল ধর্মের মানুষের উপর বরাভয় দিন।” একই সঙ্গে রাজ্যবাসীকে কালীপুজো, দীপাবলি, ভাইফোঁটা, ছটপুজো এবং জগদ্ধাত্রী পুজোর আগাম শুভেচ্ছাও জানান তিনি।
একদিকে রাজনৈতিক দায়বদ্ধতা, অন্যদিকে ধর্মীয় আবেগ, এই দুইয়ের মেলবন্ধনে নৈহাটির বড়মার পুজোয় অভিষেকের উপস্থিতি রাজনীতির ময়দানেও বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।