ঘটনা ঘটিয়েছিলেন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খাঁ-এর ভাইপো। তারপর তাঁর বিরুদ্ধে দু’টি মামলা দায়ের হয়। সোমবার সেগুলির শুনানি হয় মেদিনীপুর সিজেএম কোর্ট ও জেলা আদালতে।

ফাইল ছবি
শেষ আপডেট: 18 August 2025 20:14
দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা দিবসের দিন মেদিনীপুরে (Medinipur) এক স্কুলের মাঠে ফুটবল খেলাকে (Football) কেন্দ্র করে রেফারিকে (Referee) লাথি মেরেছিলেন স্থানীয় তৃণমূল নেতার ভাইপো (TMC Leader Nephew)। তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু সোমবার তিনি জামিন (Bail) পেলেন। আর এরপরই ক্ষুব্ধ হয়েছে ক্রীড়া সমাজ।
ওই ঘটনা ঘটিয়েছিলেন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খাঁ-এর ভাইপো। তারপর তাঁর বিরুদ্ধে দু’টি মামলা দায়ের হয়। সোমবার সেগুলির শুনানি হয় মেদিনীপুর সিজেএম কোর্ট ও জেলা আদালতে। দুই ক্ষেত্রেই জামিন মঞ্জুর হয়।
জেলা আদালতের সরকারি আইনজীবী রাজকুমার দাসের বক্তব্য, ‘‘অভিযুক্ত ও আক্রান্ত - দু’জনেই তফশিলি জাতি ও উপজাতিভুক্ত হওয়ায় আদালত জামিন দিয়েছে।''
অন্যদিকে, জামিন পাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে জেলা রেফারি অ্যাসোসিয়েশন। সোমবার বিকেলে সংগঠনের ডাকে শহরে ধিক্কার মিছিল হয়। সম্পাদক ইন্দ্রজিৎ পানিগ্রাহী বলেন, ‘‘১৫ অগস্ট রেফারি লক্ষণ মান্ডির সঙ্গে যে আচরণ হয়েছে তা মেদিনীপুরবাসী মেনে নেননি। আমরা এর কড়া নিন্দা জানাই।’’
তিনি আরও জানান, সোমবার অরবিন্দ স্টেডিয়ামে নির্ধারিত ম্যাচটি বয়কট করে রেফারিরা শহরে পদযাত্রা করবেন ‘খেলাধুলো বাঁচাও অভিযান’-এর অংশ হিসেবে।
মূল ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছিল। দেখা গেছিল, গোল নিয়ে বচসার জেরে সাদা জামা পরা এক ব্যক্তি রেফারির উপর চড়াও হন এবং ছুটে এসে পেটে লাথি মারেন।
বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী সেই ভিডিও প্রকাশ করে বলেছিলেন, রেফারিকে আক্রমণ করা তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতিরই প্রতিফলন! তিনি আরও দাবি করেন, আক্রান্ত রেফারি তফসিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত, তাই এসসি/এসটি আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ হওয়া উচিত।
কিন্তু শেষমেশ জামিনই পেয়ে গেলেন তৃণমূল নেতার অভিযুক্ত ভাইপো।