কৃতজ্ঞতায় ভরা মহাদেবীর কণ্ঠ, “বাড়িতে আমার উপর নির্ভরশীল তিনজন। যখন শুনেছিলাম পা বাদ দিতে হবে, সব শেষ হয়ে গিয়েছিল মনে হয়েছিল। কলকাতা মেডিকেল আমাকে নতুন জীবন দিয়েছে।”
.jpeg.webp)
গ্রাফিক্স- দ্য ওয়াল।
শেষ আপডেট: 12 August 2025 19:34
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটির বাসিন্দা মহাদেবী মণ্ডল (৩৮)–এর জীবনে যেন ফের নতুন ভোর এনে দিল কলকাতা মেডিক্যাল কলেজের (Calcutta Medical College) অর্থোপেডিক বিভাগ।
হাঁটুর নীচে ডান পায়ের লম্বা হাড়ে (টিবিয়া) বিশাল জায়েন্ট সেল টিউমার। এমনই ক্ষয় করেছে হাড়ের, বেশিরভাগ চিকিৎসকই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, পা কেটে বাদ দেওয়া ছাড়া আর উপায় নেই।
কিন্তু হাল ছাড়েননি মেডিকেলের চিকিৎসকরা। চার ঘণ্টার এক অভিনব অস্ত্রোপচারে ‘স্যান্ডউইচ টেকনিক’ ব্যবহার করে মহাদেবীর পা বাঁচিয়ে দিলেন তাঁরা।
চম্পাহাটির বাসিন্দার কোমরের হাড় কেটে টিবিয়ার মাথায় ‘ছাদের’ মতো বসানো হল, দেওয়া হল প্লেটের মেকানিক্যাল সাপোর্ট। ক্ষয়ে যাওয়া হাড়ের অংশে বোন সিমেন্টের সঙ্গে জেলফোম ব্যবহার করে তাপমাত্রার ক্ষতি রোখা হয়, এমন নিখুঁত সমাধানেই বেঁচে গেল পা।
অপারেশনের পর ইতিমধ্যেই হাঁটাচলা শুরু করেছেন রোগী। প্রাইভেট হাসপাতালে হলে যার খরচ হত প্রায় ১০ লক্ষ টাকা, মেডিকেলে তা একেবারেই হয়নি। প্রধান অস্ত্রোপচারকারী সহকারী অধ্যাপক ডাঃ সৈকত সাউ বলেন, “এটা ছিল অত্যন্ত জটিল কেস। জয়েন্ট বাঁচিয়ে পা রক্ষা করা আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল।”
কৃতজ্ঞতায় ভরা মহাদেবীর কণ্ঠ, “বাড়িতে আমার উপর নির্ভরশীল তিনজন। যখন শুনেছিলাম পা বাদ দিতে হবে, সব শেষ হয়ে গিয়েছিল মনে হয়েছিল। কলকাতা মেডিকেল আমাকে নতুন জীবন দিয়েছে।”