আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য পুলিশের পাশাপাশি মুখ্যমন্ত্রীর তীব্র ভর্ৎসনার মুখে পড়েছে গোয়েন্দা বিভাগও।

মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 12 August 2025 17:47
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি (Law and Order) নিয়ে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। সোমবার রাতের সোনামুখীর ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার নবান্নে বৈঠকে ক্ষোভে ফেটে পড়লেন তিনি।
খোদ শাসকদলের নেতা শেখ সায়নের খুনে উত্তপ্ত পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, "এত খুন হচ্ছে কী করে? থানা কী করছে? পুলিশ কেন আগে থেকে কিছু জানতে পারছে না?"
নবান্নে রাজ্য প্রশাসনের উচ্চপর্যায়ের বৈঠকে এদিন উপস্থিত ছিলেন সব জেলার পুলিশ সুপার। তাঁদের সামনেই সরাসরি প্রশ্ন ছুড়ে দেন মুখ্যমন্ত্রী। তাঁর কণ্ঠে উদ্বেগ ও অসন্তোষ স্পষ্ট, "দায়িত্ব নিয়ে বসে থাকলাম, কাজ করলাম না, এটা চলবে না। কে কোন থানায় আছেন, কী করছেন, নজর রাখতে হবে।"
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য পুলিশের পাশাপাশি তীব্র ভর্ৎসনার মুখে পড়েছে গোয়েন্দা বিভাগও। মুখ্যমন্ত্রীর কড়া মন্তব্য, "আইবি কী করছে? আগাম কোনও খবর তারা পায় না কেন? খুন হয়ে যাওয়ার পরে রিপোর্ট দিলে চলবে না। আগেই কেন প্রতিরোধ করা যাচ্ছে না?"
গত জুলাই মাসে বীরভূমে এক সপ্তাহের মধ্যে দুই তৃণমূল নেতার খুন নিয়েও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। এবার বাঁকুড়ার ঘটনাকে কেন্দ্র করে ফের একবার সরব হলেন তিনি। জানিয়ে দিলেন, "আইনশৃঙ্খলা রক্ষা করতে হবে। নইলে ব্যবস্থা নিতে হবে।"
প্রশাসনিক মহলের মতে, রাজ্যের বিভিন্ন প্রান্তে ধারাবাহিক রাজনৈতিক খুনের ঘটনায় সরকারের ভাবমূর্তি প্রশ্নের মুখে। ফলে মুখ্যমন্ত্রী নিজে এগিয়ে এসে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার বার্তা দিচ্ছেন প্রশাসনকে। তবে এভাবে একের পর এক রাজনৈতিক খুন রুখতে পুলিশের কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে বিশেষজ্ঞ মহলও।