রাজ্যসভায় মেয়াদ শেষের আগেই তৃণমূল ছেড়ে কংগ্রেসে মৌসম বেনজির নূর। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী তাঁর আয়, সম্পত্তি ও শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত তথ্য এক নজরে।

মৌসম নূর (ছবি- গার্গী দাস)
শেষ আপডেট: 4 January 2026 11:34
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে নির্বাচনের মুখে আবার দল বদল। তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরেছেন মৌসম বেনজির নূর (Mausam Benazir Noor)। গনি খান চৌধুরীর (Gani Khan Choudhury) পরিবারের এই সদস্যের দলবদল ঘিরে যখন রাজ্য রাজনীতিতে জোর চর্চা, তখন স্বাভাবিকভাবেই সামনে এসেছে তাঁর পড়াশোনা, পেশাগত জীবন ও আর্থিক অবস্থার খুঁটিনাটি।
মালদহের সুপরিচিত নূর পরিবারের মেয়ে মৌসম। মা রুবি নূরের (Ruby Noor) মৃত্যুর পরই রাজনীতিতে পা রাখেন তিনি। মায়ের বিধানসভা কেন্দ্র সুজাপুর (Sujapur Assembly Constituency) থেকই শুরু হয়েছিল তাঁর নির্বাচনী যাত্রা। পরে ২০০৯ থেকে ২০১৪, টানা পাঁচ বছর মালদহ উত্তর (Malda North Lok Sabha) কেন্দ্রের সাংসদ ছিলেন।
পড়াশোনার দিক থেকে এই নেত্রী বরাবরই পরিচিত মুখ। স্কুলশিক্ষা লা মার্টিনিয়ার, কলকাতায় (La Martiniere, Kolkata)। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় (University of Calcutta) থেকে আইনে ডিগ্রি। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, ২০০৫ সালে হাজরা ল কলেজ (Hazra Law College) থেকে এলএলবি পাশ করেন তিনি। কর্মজীবনের শুরুতে ফক্স অ্যান্ড মণ্ডল (Fox & Mandal) নামে একটি আইনি সংস্থায় কাজও করেন।
রাজনীতিতে নামার আগে প্রায় দু’বছর সুপ্রিম কোর্টে (Supreme Court of India) আইনজীবী হিসেবে প্র্যাকটিস করেছেন। তাঁর স্বামী মির্জা কায়েশ বেগ (Mirza Qayesh Beg) এখনও সুপ্রিম কোর্টে প্র্যাক্টিস করেন।
২০১৯ সালের লোকসভা ভোটে (Lok Sabha Election 2019) প্রার্থী হওয়ার সময় জমা দেওয়া হলফনামায় মৌসম নিজের আয়ের বিস্তারিত হিসেব দেন। নথি বলছে, ২০১৩-১৪ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৫ লক্ষ ১৯ হাজার ৫৬৫ টাকা। ২০১৪-১৫ সালে তা সামান্য কমে দাঁড়ায় ৫ লক্ষ ১১ হাজার ৭৯০ টাকা। ২০১৫-১৬ সালে আয় আরও কমে হয় ৪ লক্ষ ৯৬ হাজার ১১০ টাকা। ২০১৬-১৭ সালে আয় ছিল ৪ লক্ষ ৮০ হাজার ৭২০ টাকা এবং ২০১৭-১৮ সালে ৪ লক্ষ ৮১ হাজার ৭৮০ টাকা।
২০১৯ সালে তাঁর হাতে নগদ ছিল ৯০ হাজার ৪৫০ টাকা। তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Bank Accounts) ছিল যথাক্রমে ৯ লক্ষ ২৪ হাজার ২৫৭ টাকা, ১ লক্ষ ৯৭ হাজার ৮২৯ টাকা এবং ১ লক্ষ ৯৯ হাজার ৬৩৮ টাকা। পাশাপাশি ২ লক্ষ টাকা, সাড়ে ৭ লক্ষ টাকা ও ৯ লক্ষ ৯৩ হাজার টাকার বিনিয়োগের উল্লেখও ছিল সেখানে। মোট তিনটি এলআইসি (LIC) বিমা রয়েছে তাঁর।
সম্পত্তির তালিকাও খুব ছোট নয় মৌসমের। গ্যারাজে রয়েছে একটি অ্যাম্বাসাডর (Ambassador), একটি মারুতি (Maruti) ও একটি মাহিন্দ্রা স্করপিও (Mahindra Scorpio)। এসবিআই (SBI) থেকে গাড়ি কেনার জন্য লোন নেওয়ার কথা তিনি হলফনামায় উল্লেখ করেছিলেন। তাঁর কাছে থাকা সোনার পরিমাণ ৮০ গ্রাম, যার মূল্য ২০১৯ সালে ছিল প্রায় ২ লক্ষ ৪৮ হাজার ৫০০ টাকা। সব মিলিয়ে তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ ৫২ লক্ষ ৯১ হাজার ১৩৬ টাকা।
মালদহ স্টেশন রোডে রয়েছে তাঁর কমার্শিয়াল বিল্ডিং ‘নূর ম্যানসন’ (Noor Mansion) প্রায় ১০ হাজার বর্গফুটজুড়ে। সাহজালালপুরে রয়েছে প্রায় ৬ হাজার বর্গফুটের আবাসন।
২০১৯ সালে কংগ্রেস (Congress) ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দিয়েছিলেন মৌসম। ২০২০ সালে রাজ্যসভার সাংসদ (Rajya Sabha MP) হন। তৃণমূলে থাকাকালীন মালদহ জেলা তৃণমূলের সভানেত্রীর দায়িত্বও সামলেছেন। সাত বছরের মাথায়, রাজ্যসভা মেয়াদ শেষের চার মাস আগেই আবার কংগ্রেসে ফেরা, এই সিদ্ধান্ত যে বাংলার ভোট রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে, তা বলাই বাহুল্য।