দ্য ওয়াল ব্যুরো: দূরে থেকেই কাছাকাছি আসা! মালার নয়, ছাদনাতলায় দাঁড়িয়ে মাস্ক বদল করলেন বর-কনে!
লকডাউনের মধ্যে অনেকের বিয়ের অনুষ্ঠান পিছিয়ে দিতে হয়েছে। কেউ কেউ আবার এর মধ্যেই বিধি মেনে বিয়ে সেরেছেন। সোমবার রাজস্থানের যোধপুরে সে ভাবেই বিয়ে সারলেন এক দম্পতি। বরের পাঞ্জাবির সঙ্গে কনের লেহেঙ্গায় যে জোড় বাঁধা, তাও বেশ খানিকটা লম্বা। সংবাদসংস্থা এএনআই যে ছবি টুইট করেছে তাতে দেখা যাচ্ছে দূরত্বে দাঁড়িয়েই অগ্নিসাক্ষী করে বিয়ে সারছেন পাত্র-পাত্রী।
১৭ মে বিকেলে চতুর্থ দফার লকডাউন ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাতে যে গাইডলাইন দেওয়া হয়েছে তাতে বিয়ের অনুষ্ঠানে সর্বাধিক ৫০ জনকে জড়ো হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে সামাজিক দূরত্ব মেনেই তা করতে হবে। রাজস্থানের এই কনে নীতু সংবাদমাধ্যমে বলেছেন, সামাজিক দূরত্বের সমস্ত বিধি মেনেই তাঁরা বিয়ে সেরেছেন।
এপ্রিল মাসে গুটিকয়েক লোক নিয়ে বিয়ে সেরেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর ছেলে। বেঙ্গালুরু থেকে ৪০ কিলোমিটার দূরে একটি খামার বাড়িতে সর্বসাকুল্যে ২৫ জনকে নিয়ে বিয়ে সারতে হয় তাঁকে। তা নিয়ে বিস্তর রাজনৈতিক চাপানউতোরও হয়েছিল দক্ষিণের রাজ্যটিতে। বিজেপির এক মন্ত্রী বলেছিলেন, যদি দেখা যায় কুমারস্বামীর পরিবার বিধি মানেনি তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যদিও কর্ণাটকের মুখ্যমন্ত্রী ভিএস ইয়েদুরাপ্পা বলেছিলেন, তিনি নবদম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন।
চলতি মাসে কেরলের এক দম্পতি ভিডিও কল করে বিয়ে সেরেছিলেন। লকডাউনের ফলে কনে আটকে ছিলেন লখনউয়ে। সেখানকার একটি তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী এই কেরলের তরুণী। আর পাত্র ছিলেন তিরুঅনন্তপুরমে।