বেগুন, ভেন্ডি, উচ্ছে সহ একাধিক নিত্যপ্রয়োজনীয় সবজির দাম ঊর্ধ্বমুখী।

নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 2 September 2025 19:40
দ্য ওয়াল ব্যুরো: অতিবৃষ্টির জেরে রাজ্যের বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষতি সবজি চাষে। তারই প্রভাব পড়েছে শহরের বাজারে (Market Price)। বেগুন, ভেন্ডি, উচ্ছে সহ একাধিক নিত্যপ্রয়োজনীয় সবজির দাম ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে বিশেষ অভিযান চালাল রাজ্য সরকারের গঠিত বাজার মনিটরিং টাস্ক ফোর্স (Task Force,)। গন্তব্য ছিল শহরের অন্যতম গুরুত্বপূর্ণ পাইকারি বাজার — কোলে মার্কেট।
সকাল হতেই হানা দেন টাস্ক ফোর্সের সদস্যরা। বাজার চত্বর ঘুরে ঘুরে কাঁচা সবজির মূল্য তালিকা খতিয়ে দেখা হয়। কোথাও অস্বাভাবিক হারে দাম বাড়ানো হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন করেন আধিকারিকরা। অভিযানে নেতৃত্ব দেন টাস্ক ফোর্স সদস্য রবীন্দ্রনাথ কোলে। তিনি সাফ জানান, “এই বাজারে কিছু অসাধু ব্যবসায়ী আছেন, যাঁরা ইচ্ছেমতো দামের ফারাক দেখাচ্ছেন। তাঁদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।”
অতিরিক্ত বৃষ্টিতে যেমন ক্ষতি হয়েছে, তেমনি রাজ্যের ফসল রাজ্যের মধ্যেই আটকে পড়েছে বলেও জানানো হয়েছে। টাস্ক ফোর্সের এক কর্তার কথায়, “বাংলার বহু কৃষক এখনো বাইরের রাজ্যে ফসল রফতানি করতে পারছেন না। ফলে আমদানি কম হলেও, অভ্যন্তরীণ জোগানে জট তৈরি হচ্ছে”।
তবে আশার কথা, আগামি দিনে অন্যান্য রাজ্য থেকে আমদানি শুরু হলে বাজারের উপর চাপ কিছুটা হলেও কমবে বলেই মনে করছেন আধিকারিকরা। পাশাপাশি, বাজারে নজরদারি আরও বাড়ানো হবে বলেও জানান তাঁরা।
এ দিন কোলে মার্কেটে সবজির দাম কিছুটা নিয়ন্ত্রণে এলেও, সম্পূর্ণ স্বাভাবিক হতে এখনও সময় লাগবে বলেই মত টাস্ক ফোর্সের। আগামী দিনেও শহরের একাধিক বাজারে এই ধরনের অভিযান চলবে বলেও জানানো হয়েছে সরকারি তরফে।