.webp)
শেষ আপডেট: 10 January 2024 12:17
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: সিসি ক্যামেরা বন্ধ করে লকার থেকে সোনা গায়েবের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। বারো দিন পর দিঘা থেকে গ্রেফতার করা হল একটি বেসরকারি স্বর্ণঋণ প্রদানকারীর সংস্থার ম্যানেজারকে।
অডিটে গরমিল ধরা পড়েছিল। কোটি টাকার সোনার হিসেব মিলছিল না। এরপরেই ২৯ ডিসেম্বর উত্তরপাড়ার জে কে স্ট্রিটের ওই স্বর্ণঋণ প্রদানকারী সংস্থার ম্যানেজারের বিরুদ্ধে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপর থেকে হাওড়ার মালিপাঁচঘরার বাসিন্দা, ওই সংস্থার ম্যানেজার সঞ্জীব দত্ত পলাতক ছিলেন। পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েও তাঁর খোঁজ পায়নি। অবশেষে একটি ফোন কলই ধরিয়ে দিল তাঁকে।
পুলিশ সূত্রের খবর, পালানোর পর থেকে ম্যানেজারের মোবাইল ফোনটি বন্ধ ছিল। তবে সেই মোবাইলের একটি কলের সূত্র ধরে ক্লু পাওয়া যায়, ম্যানেজার দিঘার কোনও হোটেলে আছেন জানা যায়। সেই সূত্র ধরেই তৎপর হয় উত্তরপাড়া থানার পুলিশ। একটি টিম গঠন করে দিঘার উদ্দেশে রওনা দেয় উত্তরপাড়া থানার কয়েকজন আধিকারিক।
তবে মোবাইল ফোনের সূত্র ধরে যে হোটেলে অভিযান চালানো হয়েছিল সেখানে তার খোঁজ মেলেনি। তবে আশা না ছেড়ে লাগাতার লাগোয়া অন্য হোটেলগুলিতেও তল্লাশি শুরু করে পুলিশ। শেষ পর্যন্ত মঙ্গলবার দিঘারই একটি হোটেলে তাঁর খোঁজ মেলে। গ্রেফতার করা হয় সঞ্জীব দত্তকে। মঙ্গলবার বিকেলেই উত্তরপাড়া থানায় নিয়ে আসা হয় তাকে। স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। আজ বুধবার শ্রীরামপুর আদালতে পেশ করা হবে অভিযুক্তকে।