বাইক পার্কিং নিয়ে বচসা থেকে মারাত্মক পরিণতি! ইছাপুরে এক যুবককে এলোপাথাড়ি পিটিয়ে খুনের অভিযোগ। অভিযুক্তকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনাস্থলের ছবি
শেষ আপডেট: 16 October 2025 12:57
দ্য ওয়াল ব্যুরো: গাড়ির পার্কিং নিয়ে বচসা, ব্যারাকপুরে পিটিয়ে খুন করা হল যুবক। ঘটনাস্থল ইছাপুরের নবাবগঞ্জ বাজারপাড়া এলাকা।
মৃত যুবকের নাম দিলীপ দাস।নবাবগঞ্জ বাজারপাড়ার বাসিন্দা ছিলেন। এদিন সকালে দিলীপ তাঁর দুই বন্ধুকে নিয়ে কনটাধার এলাকায় কচুরি খেতে যান। রাস্তার উল্টোদিকে একটি বাড়ির সামনে গাড়ি রাখতেই সদস্যরা গাড়ির কাঁচ ভেঙে দেন বলে অভিযোগ।
এ নিয়ে শুরু হয় বচসা। এরপর সৌভিক রায় নামে এক যুবকের সঙ্গে দিলীপদের বাগবিতণ্ডা চরম আকার নেয়। অভিযোগ, সেই সময় সৌভিক দিলীপকে এলোপাথাড়ি চড় ও ঘুঁষি মারতে থাকেন। মারধরের জেরে দিলীপ মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে দ্রুত ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নোয়াপাড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। অভিযুক্ত সৌভিক রায়কে আটক করা হয়েছে। তুমুল উত্তেজনা রয়েছে এলাকায়। পুলিশ মোতায়েন রয়েছে।