.webp)
শেষ আপডেট: 20 April 2024 15:17
দ্য ওয়াল ব্যুরো: মেয়ে হওয়াই ‘অপরাধ’! কন্যা সন্তান হওয়ায় স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মাত্র ২১ দিনের মেয়েকে কোলে নিয়ে ঘর ছাড়েন মা। স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানান 'নির্যাতিতা'। সেই অভিযোগের ভিত্তিতে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার গড়িয়া এলাকার। ধৃতের নাম নবকুমার মণ্ডল। একবছর আগে তাঁর সঙ্গে হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা তনুশ্রী হালদারের বিয়ে হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দু’জনের পরিচয় হয়। বেশ কিছুদিন প্রেমের সম্পর্ক থাকার পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা।
অভিযোগ, বিয়ের সময়ে ২ লক্ষ পণ নেন নবকুমারের পরিবার। এরপর বিয়ের পর থেকেই অভিযুক্ত এবং তাঁর বাবা, মা তনুশ্রীর উপর শারীরিক, মানসিক নির্যাতন করতেন। পারিবারিক ঝামেলায় অনেক সময়েই মীমাংসা করতে এগিয়ে আসেন প্রতিবেশীরা।
কন্যা সন্তান জন্ম দেওয়ার পর তনুশ্রীকে আর বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি অভিযোগ। পুলিশকে তনুশ্রী জানিয়েছেন, ২১ দিনের মেয়েকে নিয়ে তাঁকে বাড়ি থেকে বেরিয়ে আসতে বাধ্য করা হয়েছে।
তরুণীর অভিযোগের ভিত্তিতে নবকুমারকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও ধৃতের দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে। এমনকী গোটা ঘটনায় অভিযোগকারিনী এবং তাঁর বাবা-মায়ের দিকে আঙুল তুলেছেন নবকুমার।