Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সোনারপুরে লাভলির চুপচাপ আগমন, কান্নায় গমন, দিদি ধর্নামঞ্চে জানিয়ে দিতেই নামছেন পরিবর্ত খেলোয়াড়

দিদি যে লাভলিকে বাগদান করে রেখেছেন, দুদিন আগে পর্যন্ত কাক পাখিতেও টের পায়নি। বরং প্রশান্ত কিশোর ও তাঁর টিম ওই আসনের জন্য প্রস্তাব করেছিলেন এক পোড় প্রবীণ রাজনীতিক ও চৌখস বক্তার নাম।

সোনারপুরে লাভলির চুপচাপ আগমন, কান্নায় গমন, দিদি ধর্নামঞ্চে জানিয়ে দিতেই নামছেন পরিবর্ত খেলোয়াড়

মমতা বন্দ্যোপাধ্যায় এবং লাভলি মৈত্র (ছবি - এআই)

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 11 March 2026 21:48

সৌভিক বন্দ্যোপাধ্যায় 

গত বিধানসভা ভোটের (West Bengal Election) কথা মনে আছে? ২০২১ সালের ৫ মার্চ কালীঘাটে তাঁর বাসভবন থেকে তৃণমূলের প্রার্থী তালিকা (TMC Candidate List) ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই নির্বাচনে রাজ চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়ের মতই জোড়াফুলের প্রার্থী তালিকায় চমক ভরা নাম ছিল লাভলি মৈত্র। ভাল নাম অরূন্ধতী মৈত্র। সোনারপুর দক্ষিণ বিধানসভা (Sonarpur Dakshin Assembly Constituency) থেকে প্রার্থী করা হয়েছিল তাঁকে।

দিদি যে লাভলিকে বাগদান করে রেখেছেন, দুদিন আগে পর্যন্ত কাক পাখিতেও টের পায়নি। বরং প্রশান্ত কিশোর ও তাঁর টিম ওই আসনের জন্য প্রস্তাব করেছিলেন এক পোড় প্রবীণ রাজনীতিক ও চৌখস বক্তার নাম। কিন্তু প্রার্থী তালিকা চূড়ান্ত করার বৈঠকে মমতা প্রশান্তকে জানিয়ে দেন, তিনি লাভলিকে কথা দিয়ে রেখেছেন।

তার পর গত পাঁচ বছর সোনারপুরে লাভলির খুব ভাল গেল কী? তৃণমূলের ভিতরের খবর, লাভলিকে নিয়ে স্থানীয় নেতাদের অনেকের আপত্তি রয়েছে। তৃণমূল গোষ্ঠী কোন্দলে দীর্ণ হয়ে রয়েছে সোনারপুর দক্ষিণ। 
 

পরিস্থিতি যখন এমনই তখন লাভলি সম্ভবত দু’সপ্তাহ আগে একবার ইঙ্গিত পেয়েছিলেন। রাজপুর সোনারপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে তাঁর নামে দেওয়াল লেখা শুরু করে দিয়েছিলেন উৎসাহী কিছু কর্মী। সুন্দর করে লেখা হচ্ছিল অরুন্ধতী মৈত্রর (লাভলি) নাম। সেই ছবি ভাইরাল হতেই তৎক্ষণাৎ মুছে ফেলতে বলে দল।  

কাট টু ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না মঞ্চ। অবস্থান রত মমতাকে ওই মঞ্চে প্রথম দিন থেকেই ঘিরে বসেছিলেন মহিলা নেত্রী, বিধায়ক, সাংসদরা। ছিলেন জুন মালিয়া, লাভলি মৈত্র প্রমুখ। সূত্রের দাবি, দুদিন আগে ধর্না চলতে চলতে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ লাভলিকে উদ্দেশ করে বলেন, শোনো দক্ষিণে তোমাকে আর টিকিট দেওয়া যাবে না। অসুবিধা আছে।

প্রত্যক্ষদর্শী এক নেতার কথায়, হঠাৎ এমন কথা শোনার জন্য হয়তো লাভলি প্রস্তুত ছিলেন না। তাঁকে ওই কথাটি জানিয়ে দেওয়ার পর মঞ্চ থেকে কিছু সময়ের জন্য নেমেছিলেন নেত্রী। সেই সময়ে দেখা যায়, কান্নায় ভেঙে পড়েছেন লাভলি। মমতা ফের মঞ্চে উঠে এলে পুনরায় তাঁকে অনুনয় করে সোনারপুর দক্ষিণের প্রসঙ্গ তোলেন অরূন্ধতী মৈত্র। কিন্তু এবারও সপাট না করে দেন মমতা। 

বিষয়টি নিয়ে দ্য ওয়ালের তরফে যোগাযোগ করা হয়েছে লাভলি মৈত্রের সঙ্গে। তিনি অবশ্য এই প্রসঙ্গে কিছু বলতে চাননি। স্পষ্ট জানিয়েছেন, ''আমি এই ব্যাপারে কিছু বলব না।'' তবে এই প্রতিবেদন প্রকাশের পর দ্য ওয়াল-কে ফোন করেন লাভলি মৈত্র। তিনি স্পষ্টত দাবি করেন, ''এই খবর ৫০০ শতাংশ মিথ্যে। সম্পূর্ণ অসত্য। আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর এই সংক্রান্ত কোনও কথাই হয়নি। উনি আমার সঙ্গে ভীষণ ব্যক্তিগত কথা বলেছেন - আমার পরিবার, সন্তান, সিরিয়ালের বিষয়। যে খবর ছড়িয়েছে তা একদম মিথ্যে।''

তবে হ্যাঁ। সূত্রের খবর, লাভলিকে যে তৃণমূল প্রার্থী করবে না তা নয়। সে ব্যাপারে একটি আসনও চিহ্নিত করা হয়েছে। তবে তা এখনই চূড়ান্ত বলে ধরে নেওয়া ভুল হবে। তাতে বিভ্রান্তি ছড়াতে পারে। সুতরাং তা ক্রমশ প্রকাশ্য।

এখন কৌতূহলের বিষয় হল, সোনারপুর দক্ষিণে তাহলে পরিবর্ত খেলোয়াড় কে? জানা গিয়েছে, এক সময়ে দক্ষিণ ২৪ পরগনা সাংগঠনিক সভাপতি শুভাশিস চক্রবর্তীকে সোনারপুর দক্ষিণে প্রার্থী (Subhasish Chakraborty – TMC Candidate Sonarpur Dakshin Assembly Constituency) করা হতে পারে। শুভাশিস বরাবরই কালীঘাট ঘনিষ্ঠ। বহুবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ইলেকশন এজেন্ট হয়েছেন। ২০১৭ সালে তাঁকে রাজ্যসভায় প্রার্থীও করেছিলেন দিদি।

দ্য ওয়ালকে শুভাশিস এই বিষয়ে জানান, তিনি একনিষ্ঠ কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলবেন তাই হবে। 

সূত্রের খবর, অভিষেক ফোন করে শুভাশিসকে এ ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিয়েছেন বলেই খবর। তার পর থেকেই সোনারপুর-রাজপুর এলাকায় শুভাশিসকে সক্রিয়ই দেখা যাচ্ছে। অর্থাৎ সোনারপুর দক্ষিণে প্রায় ফাইনাল শুভাশিস। লাভলির ব্যাপারটাই এখন চূড়ান্ত হওয়ার অপেক্ষা।


```