মুখ্যমন্ত্রী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, 'আমি রিকোয়েস্ট করব যাঁরা এর দায়িত্বে আছেন তাঁদের। সাত আট বছর হয়ে গেল। নিশ্চয়ই কারও না কারও দায়িত্বে অবহেলা রয়েছে, যে কারণে সঠিক সময়ে এটা এখনও কাজে লাগান হয়নি। আমি দুঃখিত এর জন্য। মেডিক্যাল কলেজের সুপার, প্রিন্সিপাল যারা যারা দায়িত্বে রয়েছেন আমি তাঁদের অনুরোধ করব তাঁরা তাড়াতাড়ি বিষয়টা করবেন।'

শেষ আপডেট: 11 November 2025 17:12
দ্য ওয়াল ব্যুরো: ২০১৬ সালে স্বাস্থ্য ক্ষেত্রের এক প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু ২০২৫ সালে এসেও সেই প্রকল্পের কাজ যথাযথভাবে শুরু হয়নি। যা নিয়ে মঙ্গলবার রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বছর আটেক(২০১৭) আগে দক্ষিণ ২৪ পরগণার প্রশাসনিক পর্যালোচনা বৈঠক চলাকালীন তৎকালীন স্বাস্থ্য সচিব রাজেন্দ্র শুক্লার কাছে মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী জানতে চান, 'আমাকে দিয়ে এক বছর আগে ট্রপিক্যালে একটা কর্ড ব্লাড ব্যাঙ্কের উদ্বোধন করানো হল। এখনও আপনারা বলতে পারছেন না যে ওটা পুরোপুরি চালু হয়েছে।' স্বাস্থ্য সচিবকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী সরাসরি বলেন, 'সাত দিন সময় দিলাম, ইউ প্লিজ টেক কেয়ার। আপনি এটা দেখুন। আমি আর কিছু শুনতে চাই না।'
মুখ্যমন্ত্রীর দেওয়া সেই সাত দিন সময়সীমা পার হয়ে আরও প্রায় আট বছর হয়ে গেল। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য ভবনের এক অনুষ্ঠানে এসে এই বিষয়েই রীতিমতো উষ্মা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, 'মেডিক্যালে যেটা( কর্ড ব্লাড ব্যাঙ্ক) করে দিয়েছি অনেক দিন হয়ে গেছে, কিন্তু এখনও কার্যকর কেন হল না, সেটা আমি জানি না।' এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, 'আমি রিকোয়েস্ট করব যাঁরা এর দায়িত্বে আছেন তাঁদের। সাত আট বছর হয়ে গেল। নিশ্চয়ই কারও না কারও দায়িত্বে অবহেলা রয়েছে, যে কারণে সঠিক সময়ে এটা এখনও কাজে লাগান হয়নি। আমি দুঃখিত এর জন্য। মেডিক্যাল কলেজের সুপার, প্রিন্সিপাল যারা যারা দায়িত্বে রয়েছেন আমি তাঁদের অনুরোধ করব তাঁরা তাড়াতাড়ি বিষয়টা করবেন।'
প্রকল্পের উদ্বোধনের সময় কর্ড ব্লাড ব্যাঙ্ক তৈরি নিয়ে মুখ্যমন্ত্রী গর্বের সঙ্গেই বলেছিলেন, এই ব্যাঙ্ক অনেক রোগের চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী হতে পারে। কিন্তু যে গর্বের সঙ্গে এই ব্লাড ব্যাঙ্কের উদ্বোধনের কথা তিনি সেদিন বলেছিলেন, সেটা ন'বছর পরেও সঠিকভাবে কার্যকর না হওয়ায় নিজের ক্ষোভ আর আটকে রাখতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন স্বাস্থ্য দফতরের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করতে এসে নিজের দফতরেরই সেই গাফিলতি নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।