শুধু প্রশাসনিক বৈঠকই নয়, রাজনৈতিক কর্মসূচির ইঙ্গিতও দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, আগামী সপ্তাহে এই ইস্যুকে সামনে রেখে কেন্দ্রের বিরুদ্ধে পথে নামতে পারে শাসক দল।

মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 11 March 2026 16:18
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম এশিয়ায় চলা সংঘাতের (Middle East Crisis) প্রভাব এবার সরাসরি এসে পড়েছে ভারত তথা বাংলার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। রান্নার গ্যাসের (LPG Cylinder) জোগান কমে যাওয়া এবং দাম বৃদ্ধির ফলে উদ্বেগ বাড়ছে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত পরিবারের মধ্যে। এই পরিস্থিতির জন্য সরাসরি কেন্দ্রীয় সরকারকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
গ্যাস সরবরাহের সংকট মোকাবিলায় বৃহস্পতিবার নবান্নে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী (CM Called For Meeting At Nabanna)। সেখানে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করবেন তিনি। কীভাবে সাধারণ মানুষের সমস্যার সমাধান করা যায়, তা নিয়েই মূলত আলোচনা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
শুধু প্রশাসনিক বৈঠকই নয়, রাজনৈতিক কর্মসূচির ইঙ্গিতও দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, আগামী সপ্তাহে এই ইস্যুকে সামনে রেখে কেন্দ্রের বিরুদ্ধে পথে নামতে পারে শাসক দল। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিবাদ মিছিলের পরিকল্পনাও করা হচ্ছে বলে জানা যাচ্ছে।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, কোনও প্রস্তুতি বা বিকল্প পরিকল্পনা ছাড়াই গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে ২৫ দিনের নতুন নিয়ম চালু করেছে কেন্দ্রীয় সরকার। সেই সিদ্ধান্তে সাধারণ মানুষের উদ্বেগ আরও বেড়েছে বলে দাবি তাঁর। মমতার কথায়, গ্যাসের সরবরাহ যেন কোনওভাবেই বন্ধ না হয় তা নিশ্চিত করা জরুরি। কারণ শুধু বাড়ির রান্না নয়, অটোচালক, আইসিডিএস পরিষেবা, মধ্যাহ্নভোজন প্রকল্প কিংবা ছোট ছোট খাবারের দোকান - সব ক্ষেত্রেই গ্যাসের উপর নির্ভরশীলতা রয়েছে।
এই প্রসঙ্গে তিনি আরও বলেন, মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত এই পরিষেবাগুলিকে সচল রাখতে হলে কেন্দ্রীয় সরকারকে দ্রুত পদক্ষেপ করতে হবে।
এদিকে গ্যাস সংকটের প্রসঙ্গ তুলতে গিয়ে নির্বাচন সংক্রান্ত বিতর্ককেও সামনে এনেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, মানুষের অধিকার ও প্রয়োজনের দিকে নজর দেওয়ার বদলে অন্য ইস্যুতে সময় নষ্ট করা হচ্ছে। সাধারণ মানুষের স্বার্থে বিকল্প ব্যবস্থা ভাবার দাবি জানিয়েছেন তিনি। তাঁর কথায়, ''এসআইআর-এর নাম কাটার দিকে না তাকিয়ে, মানুষের অধিকার না কেড়ে গ্যাসের সমস্যা মেটান। মানুষের স্বার্থে বিকল্প কিছু ভাবতে হবে।''
মমতা মনে করিয়ে দেন, রান্নার গ্যাস সরবরাহের দায়িত্ব রাজ্যের হাতে নেই। এটি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে থাকা বিষয়। তাঁর অভিযোগ, কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রকের ভুল নীতির ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
উল্লেখ্য, চলতি মাস থেকেই বাণিজ্যিক গ্যাস ও রান্নার গ্যাসের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, বহু গ্যাস এজেন্সি রাজনৈতিক প্রভাব খাটিয়ে নির্দিষ্ট গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হয়েছে। ফলে অনেক ক্ষেত্রে টাকা দিয়েও সময়মতো গ্যাস পাওয়া যাচ্ছে না। পাশাপাশি বেআইনি মজুতের কারণেও বাজারে সংকট তৈরি হচ্ছে বলে অভিযোগ উঠছে। এর ফলে সবচেয়ে বেশি চাপে পড়েছে মধ্যবিত্ত পরিবারগুলি।