সুকান্তকে উদ্দেশ করে আরও লেখেন, “মানুষের মুড দেখে ওঁরও আসার ইচ্ছে হচ্ছে মনে হয়।”
.jpeg.webp)
গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 6 February 2026 13:29
দ্য ওয়াল ব্যুরো: প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় মন্ত্রীর মুখ ফসকে বেরিয়ে গেল তৃণমূল নেত্রীর নাম (Mamata Banerjee)! বৃহস্পতিবার রাজ্যসভায় (Parliament) উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন সংক্রান্ত মন্ত্রকের প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারণ করে ফেললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar। মুহূর্তের মধ্যেই অবশ্য ভুল শুধরে নেন তিনি। তবে ততক্ষণে সংসদের সেই অংশের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মাধ্যমে (Viral video)।
ভাইরাল সেই অডিও-ভিডিও ক্লিপ এদিন নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) খোঁচা, “অন্তরাত্মার ডাক মুখ থেকে বেরিয়ে গেছে। জয় বাংলা।”
শুক্রবার বেলা ১১টা নাগাদ এই পোস্ট করেন কুণাল। এখানেই থামেননি তিনি। সুকান্তকে উদ্দেশ করে আরও লেখেন, “মানুষের মুড দেখে ওঁরও আসার ইচ্ছে হচ্ছে মনে হয়।”
অন্তরাত্মার ডাক মুখ থেকে বেরিয়ে গেছে।
জয় বাংলা।
( মানুষের মুড দেখে ওঁরও আসার ইচ্ছে হচ্ছে মনে হয়।) pic.twitter.com/YoUbZtyE5f— Kunal Ghosh (@KunalGhoshAgain) February 6, 2026
সংসদে তখন উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন সংক্রান্ত মন্ত্রকের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন সুকান্তবাবু। এক প্রশ্নের উত্তরে বলতে চেয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই সমস্ত কাজ এগোচ্ছে। কিন্তু অসাবধানতাবশত ‘প্রধানমন্ত্রী’ বলতে গিয়ে মোদীর জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলে ফেলেন তিনি। পরক্ষণেই ভুল বুঝতে পেরে নিজেকে সামলে নেন। সেই মুহূর্তে তাঁর পিছনে বসে থাকা বিজেপি সাংসদদের কয়েকজনকে হাসতেও দেখা যায়।
এই প্রসঙ্গে বিজেপি নেতৃত্বের দাবি, ঘটনায় বিশেষ কিছু নেই। সংসদের ব্যস্ততার মধ্যে এমন ভুল হতেই পারে। কেন্দ্রীয় মন্ত্রী দ্রুত ভুল শুধরে নিয়েছেন, এটাই বড় কথা। তবে শুক্রবার দুপুর পর্যন্ত সুকান্ত মজুমদারের ব্যক্তিগত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংসদের অধিবেশন চলায় তিনি ব্যস্ত থাকায় পরে প্রতিক্রিয়া এলে তা প্রতিবেদনে আপডেট করা হবে।
রাজনৈতিক মহলে অবশ্য বিষয়টি নিয়ে হাসিঠাট্টা আর কটাক্ষের শেষ নেই। বিরোধীদের একাংশের ব্যাখ্যা, ভোটের মুখে রাজ্য বিজেপির চিন্তাভাবনার কেন্দ্রে ঘুরেফিরে রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদের মঞ্চে মুখ ফসকে তাঁর নাম বেরিয়ে আসা সেই মানসিক চাপে থাকারই প্রতিফলন। কুণালের ব্যঙ্গেও সেই সুর, প্রকাশ্যে ‘ডোন্ট কেয়ার’ দেখালেও, ভিতরে ভিতরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া রাজ্য বিজেপি নেতৃত্বকে যে তাড়া করে বেড়াচ্ছে,সুকান্তর এই ভুলেই তা ধরা পড়ে গেল।