ঘোষিত তথ্য অনুযায়ী, কোটিপতি হওয়া তো দূরস্থান, নিজের নামে কোনও বাড়ি বা গাড়ি পর্যন্ত নেই তৃণমূলনেত্রীর।

মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 8 April 2026 20:40
দ্য ওয়াল ব্যুরো: তিনি রাজ্যের টানা দেড় দশকের মুখ্যমন্ত্রী। রাজনীতির অলিন্দে পরিচিত ‘দিদি’ হিসেবে। তেমনই তাঁর যাপনে সেই চিরচেনা সারল্য। টালির চালের ঘর, পায়ে হাওয়াই চটি আর অনাড়ম্বর সুতির শাড়ি। বুধবার ভবানীপুর কেন্দ্রের (Bhabanipur) প্রার্থী হিসেবে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee Assests) দেওয়া হলফনামাতেও প্রতিফলিত হল সেই জীবনযাত্রার ছবি। তাঁর ঘোষিত তথ্য অনুযায়ী, কোটিপতি হওয়া তো দূরস্থান, নিজের নামে কোনও বাড়ি বা গাড়ি পর্যন্ত নেই তৃণমূলনেত্রীর।
আয়ের রেখচিত্র
মনোনয়নপত্রের হলফনামা অনুযায়ী, বিগত কয়েক বছরে মমতার আয়ের পরিমাণে বেশ কিছুটা চড়াই-উতরাই দেখা গিয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে তাঁর মোট আয় ছিল ২৩ লক্ষ ২১ হাজার ৫৭০ টাকা। তার আগের বছর অর্থাৎ ২০২৩-২৪ সালে এই অঙ্কটি ছিল ২০ লক্ষ ৭২ হাজার ৭৪০ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে তাঁর আয়ের পরিমাণ ছিল সর্বোচ্চ— ৩৮ লক্ষ ১৪ হাজার ৪১০ টাকা। এ ছাড়াও হলফনামায় উল্লেখ করা হয়েছে যে, ২০২৫-২৬ অর্থবর্ষে তিনি ৪০ হাজার ৬০০ টাকা টিডিএস (TDS) বাবদ ফেরত পেয়েছেন।
হাতে নগদ ও ব্যাঙ্কে সঞ্চয়
মনোনয়ন জমা দেওয়ার সময় মুখ্যমন্ত্রীর হাতে নগদ ছিল ৭৫ হাজার ৭০০ টাকা। তাঁর ব্যক্তিগত সঞ্চয়ের সিংহভাগ রয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্কের অ্যাকাউন্টে। ওই অ্যাকাউন্টে জমা রয়েছে ১২ লক্ষ ৩৬ হাজার ২০৯ টাকা ৭১ পয়সা। এ ছাড়াও নির্বাচনের খরচ মেটানোর জন্য ওই একই ব্যাঙ্কে তাঁর আরও একটি অ্যাকাউন্ট রয়েছে, যাতে রয়েছে মাত্র ৪০ হাজার টাকা। অর্থাৎ ব্যাঙ্কে তাঁর মোট গচ্ছিত অর্থের পরিমাণ ১২ লক্ষ ৭৬ হাজার ২০৯ টাকা ৭১ পয়সা।
গয়না ও স্থাবর সম্পত্তি
চাকচিক্যহীন জীবন কাটানো মমতার গয়নার ঝুলিও বিশেষ ভারী নয়। হলফনামা বলছে, তাঁর কাছে ৯ গ্রাম ৭৫০ মিলিগ্রাম সোনা রয়েছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৪৫ হাজার টাকা। সব মিলিয়ে তাঁর মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ১৫ লক্ষ ৩৭ হাজার ৫০৯ টাকা ৭১ পয়সা।
নেই নিজস্ব ছাদ বা জমি
দীর্ঘ রাজনৈতিক জীবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কোনও কৃষিজ কিংবা অকৃষিজ জমি কেনা হয়নি। এমনকি নিজের নামে কোনও বসতবাডিও নেই তাঁর। নেই কোনও ব্যক্তিগত গাড়ি বা অন্য কোনও বড় বিনিয়োগ। এ ছাড়া হলফনামায় তিনি জানিয়েছেন যে, তাঁর নামে কোনও ঋণ বা দেনাও নেই।