একদিকে আজ হুমায়ুনের দল ঘোষণা, অন্যদিকে এসআইআর খসড়া ভোটার তালিকা ঘিরে তৈরি হওয়া বিতর্কের আবহে নেতাজি ইন্ডোরে বিএলএ দের নিয়ে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কী বার্তা পাওয়া যাবে?
.jpeg.webp)
মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)
শেষ আপডেট: 22 December 2025 10:02
দ্য ওয়াল ব্যুরো: এসআইআর (SIR)-এর খসড়া ভোটার তালিকা ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ। কোন কোন বৈধ ভোটারের নাম তালিকায় ওঠেনি, তা নিয়ে আর ঢিলেমি নয়-সাফ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দলে কড়া নজরদারির নির্দেশ দিয়ে তিনি স্পষ্ট করে দিয়েছেন, প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে হবে। সেই নির্দেশই আরও ভাল করে সকলের কাছে পৌঁছে দিতে সোমবার নেতাজি ইন্ডোরে (Netaji Indoor Stadium) বড়সড় দলীয় বৈঠক ডাকলেন তিনি।
আজকের এই সভায় আমন্ত্রিত কলকাতা ও সংলগ্ন জেলার মোট ৪০টি বিধানসভার বুথ লেভেল এজেন্ট বা বিএলএ (BLA) এবং বিএলএ-২ (BLA-2)-রা। সঙ্গে থাকবেন সংশ্লিষ্ট এলাকার দলীয় কর্মীরাও। সকাল ১১টার মধ্যেই সভা শুরু হওয়ার কথা। উপস্থিত থাকার কথা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি (Subrata Bakshi), মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)-সহ রাজ্যস্তরের শীর্ষ নেতৃত্বের। দলের অন্দরমহল বলছে, এসআইআর ইস্যুতে মাঠপর্যায়ে যে কোনও গাফিলতি একেবারেই বরদাস্ত করা হবে না- আজ এই বার্তাই দিতে চান মমতা।
তৃণমূলের অভিযোগ, বৈধ ভোটারের নাম খসড়া তালিকায় না ওঠার পিছনে সরাসরি বিজেপি (BJP)-র রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। শুধু তাই নয়, নির্বাচন কমিশন (Election Commission)-কেও সেই ষড়যন্ত্রের দোসর বলে কটাক্ষ করেছে শাসকদল। তৃণমূলের সাফ কথা, একটি বৈধ নামও যদি বাদ যায়, তার পরিণতি হবে ‘মারাত্মক’। এই পরিস্থিতিতে সম্ভাব্য ‘ষড়যন্ত্র’ কীভাবে আটকানো যায়, তার রণনীতি ঠিক করতে আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠক।
এই প্রসঙ্গে মনে করিয়ে দেওয়া হচ্ছে, গত মঙ্গলবার নিজের ভবানীপুর (Bhabanipur) বিধানসভা কেন্দ্র নিয়ে দলীয় বৈঠকেই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলেছিলেন, কেন ভোটারদের নাম তালিকায় ওঠেনি, তার বিস্তারিত খোঁজ নিতে হবে। তাঁর নির্দেশ ছিল, বুথ লেভেল এজেন্টদের আরও সক্রিয় ও সতর্ক হতে হবে। সেই সময়ই সিদ্ধান্ত হয়, কলকাতা ও কয়েকটি জেলা মিলিয়ে বিএলএ ও বিএলএ-২-দের নিয়ে বড় সভা করা হবে।
উল্লেখ্য, এসআইআর সংক্রান্ত প্রথম নির্দেশিকা জারি হয়েছিল ২৯ অক্টোবর। এরপর একাধিক নতুন নিয়ম ও প্রক্রিয়াগত বদল এনেছে কমিশন। শেষ পর্যন্ত প্রকাশিত খসড়া তালিকায় দেখা গিয়েছে, প্রায় ৫৯ লক্ষ ভোটারের নাম নেই। কমিশনের তরফে জানানো হয়, এই তালিকায় মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার যেমন আছেন, তেমনই অনেকে আছেন যাঁরা নির্ধারিত সময়ে ফর্ম জমা দিতে পারেননি। আবার এমনও ভোটার রয়েছেন, যাঁদের নাম কমিশনের ২০২৫ সালের তালিকাতেই নেই। সে ক্ষেত্রে ফর্ম ৭ (Form 7) পূরণ করে নতুন করে নাম তোলার সুযোগ রয়েছে।
তবে তৃণমূল বলছে, নাম বাদ পড়াদের মধ্যে হিন্দু ভোটারের সংখ্যা তুলনামূলক ভাবে বেশি। এই তথ্য সামনে আসার পর রাজনৈতিক তরজা বেড়েছে স্বাভাবিকভাবে। তৃণমূলের বক্তব্য, বিজেপি বারবার রোহিঙ্গা (Rohingya) ও বাংলাদেশি অনুপ্রবেশের তত্ত্ব খাড়া করে ভয় দেখানোর চেষ্টা করলেও বাস্তবে সেই দাবি মুখ থুবড়ে পড়েছে।