এদিনের বৈঠকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, জিএসটি বাবদ কেন্দ্র রাজ্যেরও টাকা নিয়ে চলে যাচ্ছে। তারপরও রাজ্যের প্রাপ্য প্রায় ২ লক্ষ কোটি টাকা আটকে রয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 2 December 2025 15:34
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার নবান্নে (Nabanna) বিগত সাড়ে ১৪ বছরে তাঁর সরকারের কাজের খতিয়ান (State's 14-year development record) তুলে ধরেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। তবে স্বাভাবিকভাবেই এই কাজের মধ্য দিয়েও তাঁর নিশানায় ছিল কেন্দ্রের বিজেপি সরকার (BJP Govt)। তিনি কেমন রাজনীতি করেন আর কেন্দ্র ঠিক কীভাবে রাজনীতি করতে চাইছে, সেটাই ব্যাখ্যা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এসআইআর (SIR) ইস্যুতে শুরু থেকেই কেন্দ্রকে কথা শুনিয়ে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনকে (ECI) হাত করে বিজেপি আদতে নিজেদের ভোটব্যাঙ্ক বাঁচাতে এই প্রক্রিয়া শুরু করিয়েছে। আবার বিজেপি মমতা এবং তাঁর সরকারের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তুলে পাল্টা অভিযোগ করে বলেছে - তারা ভুয়ো ভোটারদের তালিকায় রাখার চেষ্টা করতেই এসআইআরের বিরোধিতা করছে।
মঙ্গলবার নবান্ন থেকে কেন্দ্রকে কড়া বার্তা দিয়ে আকার-ইঙ্গিতে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্পষ্ট করে দিয়েছেন যে, পুরো প্রক্রিয়াটিই জোর করে চাপানো। মমতা বলেন, ''ডিটেনশন ক্যাম্প (Detention Camp) করে মানুষকে দুর্ভোগে ফেলি না। কেন্দ্র সরকারকে বলব, আপনারা ব্রিটিশ সরকারের (British Govt) মতো ফোর্সফুলি কিছু চাপিয়ে দেবেন না। যদি কিছু বলার থাকে রাজ্যকে সরাসরি বলুন।'' মুখ্যমন্ত্রীর সাফ কথা - আমি কমিউনাল পলিটিক্স করি না, আমি সেকুলার পলিটিক্স করি।
এদিনের বৈঠকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, জিএসটি (GST) বাবদ কেন্দ্র রাজ্যেরও টাকা নিয়ে চলে যাচ্ছে। তারপরও রাজ্যের প্রাপ্য প্রায় ২ লক্ষ কোটি টাকা আটকে রয়েছে। তা সত্ত্বেও নিজস্ব উদ্যোগে আমরা কর্মশ্রী, বাংলার বাড়ির মতো প্রকল্পগুলি চালু রেখেছি।
২০১১ থেকে ২০২৫। তখতে বসার পর থেকেই লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, কৃষক বন্ধু, পড়ুয়াদের ক্রেডিট কার্ড-সহ মোট ৯৪টি সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করেছে সরকার। কীভাবে রাজ্যের স্বাস্থ্য, শিক্ষা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে তাঁর সরকারের উন্নয়নের কর্মযজ্ঞ করে চলেছে এদিনের বৈঠকে সেই পরিসংখ্যান তুলে ধরেন তিনি।
বিরোধীরা কথায় কথায় বলেন, বাংলায় উন্নয়ন হয়নি। পর্যবেক্ষকদের অনেকের মতে, একদিকে রাজ্যের উন্নয়নের খতিয়ান অন্যদিকে কেন্দ্রের বঞ্চনার প্রসঙ্গ টেনে পরোক্ষে বিরোধীদের তোলা সেই অভিযোগেরও জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।