বিজেপি নেতা অমিত মালব্যের সাম্প্রতিক এক মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে। তিনি দাবি করেছেন - বাংলা আদতে কোনও ভাষা নয়! এর বিরোধিতায় চরম ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন মহল।

মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 7 August 2025 14:16
দ্য ওয়াল ব্যুরো: বিজেপি (BJP) বাংলা ভাষা (Bengali Language) এবং সেই ভাষায় কথা বলা নাগরিকদের ক্রমাগত অপমান করছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের (TMC)। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে এই ইস্যুতে মিছিল করেছেন, বৃহত্তর প্রতিবাদের ডাকও দিয়েছেন। বৃহস্পতিবার ঝাড়গ্রামের সভা থেকে বাংলা ভাষা ইস্যুতে বিজেপি তথা কেন্দ্রকে অতীত মনে করালেন মমতা।
বিজেপি নেতা অমিত মালব্যের সাম্প্রতিক এক মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে। তিনি দাবি করেছেন - বাংলা আদতে কোনও ভাষা নয়! এর বিরোধিতায় চরম ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন মহল। এদিনের ঝাড়গ্রামের সভা থেকে সেই ইস্যুতেই ফের মুখ খুলে বিজেপিকে অতীত টেনে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করান ১০ টাকার নোটের কথা (10 Rupees Note)।
মমতা দাবি করেছেন, ১৯১২ সালের ১০ টাকার নোটে বাংলা লেখা থাকত। সভামঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, 'আমার মোবাইলে ছবিটা তোলা আছে। ১৯১২ সালের ১০ টাকায় বাংলা লেখা। আর এই অপদার্থরা ২০২৫ সালে এসে বলছে বাংলা কোনও ভাষা নয়!' এও প্রশ্ন করেন, 'বাংলা ভাষা বলে কোনও ভাষা না থাকলে কোন ভাষায় জাতীয় সঙ্গীত লেখা? রবীন্দ্রনাথ থেকে শুরু করে রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ কোন ভাষায় কথা বলতেন?'
বিগত কয়েক মাসে একাধিক রাজ্যে বাংলা ভাষী মানুষের ওপর অত্যাচারের ঘটনা ঘটছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল। ঝাড়গ্রামের সভা থেকেও মুখ্যমন্ত্রী বলেন, বাংলার প্রায় ২ হাজার মানুষের ওপর বাইরের রাজ্যে অত্যাচার হচ্ছে। বাংলায় কথা বললেই বলা হচ্ছে রোহিঙ্গা। মমতার অভিযোগ, এখন অত্যাচার চলছে আর ভোটের সময় এসে বলবে , টাকা নাও, ভোট দাও। এ জিনিস তাঁরা কিছুতেই মানবেন না।