নিলুফা ইয়াসমিন 'UGC NET JRF 2025' পরীক্ষায় সর্বভারতীয় স্তরে প্রথম স্থান অর্জন করেছেন।
.jpeg.webp)
মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 24 July 2025 14:56
দ্য ওয়াল ব্যুরো: অদম্য জেদ, অবিচল মনোযোগ আর অক্লান্ত পরিশ্রম — এই তিন হাতিয়ারেই সাফল্যের শিখরে পৌঁছেছেন পূর্ব বর্ধমানের (Purba Burdwan) মেয়ে নিলুফা ইয়াসমিন। এবছর 'UGC NET JRF 2025' পরীক্ষায় তিনি সর্বভারতীয় স্তরে প্রথম স্থান অর্জন করেছেন। কৃতিত্বের পিছনে রয়েছে দীর্ঘ প্রস্তুতি, ধৈর্য আর অধ্যাবসায়।
কাটোয়া (Katwa) ডিডিসি হাইস্কুল থেকে পড়াশোনা শুরু। পরে কাটোয়া কলেজ হয়ে পৌঁছে যান বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। শিক্ষা জীবনের প্রতিটি ধাপে নিজেকে প্রমাণ করেছেন নিলুফা। তবে ইউজিসি নেট পরীক্ষায় প্রথম দু’বার সফল হননি। কিন্তু হাল ছাড়েননি। ব্যর্থতার পর নিজেকে বিশ্লেষণ করে বুঝেছিলেন কোথায় খামতি ছিল। তৃতীয় বার আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় বসে বাজিমাত করলেন। এবার শুধু পাশই নয়, গোটা দেশে তিনি শীর্ষে।
তাঁর এই সাফল্যে গর্বিত হয়ে সোশ্যাল মাধ্যমে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। লিখেছেন, 'UGC-NET-এ ভারতে প্রথম স্থান অধিকার করার জন্য পূর্ব বর্ধমানের কাটোয়ার নিলুফা ইয়াসমিনকে অভিনন্দন। গণযোগাযোগ ও সাংবাদিকতায় UGC-NET-এ ভারতে দ্বিতীয় স্থান অধিকার করার জন্য কলকাতার রিক্তা চক্রবর্তীকে অভিনন্দন। তোমাদের সাফল্য আমাদের রাজ্যকে গর্বিত করেছে।'
Congratulations to Nilufa Yasmin of Katwa in Purba Bardhaman for scoring 100 percentile and securing first position in India in UGC –NET June, 2025 in Bengali and to Rikta Chakraborty of Kolkata for securing second position in India in UGC-NET June, 2025 in Mass Communication and…
— Mamata Banerjee (@MamataOfficial) July 24, 2025
ভবিষ্যতের পরিকল্পনাও স্পষ্ট নিলুফার কাছে। তাঁর কথায়, “আমি চাই একজন শিক্ষিকা হিসেবে গবেষণার মাধ্যমে সমাজে কিছু ফেরত দিতে। উচ্চশিক্ষার জগতে এমন কিছু কাজ করতে চাই, যা বাস্তব জীবনে মানুষের উপকারে আসে।”
নিলুফার এই সাফল্য আজ পূর্ব বর্ধমানের গর্ব। একই সঙ্গে তাঁর গল্প হয়ে উঠছে ভবিষ্যতের পরীক্ষার্থীদের জন্য এক নিখাদ অনুপ্রেরণা।