তামিলনাড়ুতে সম্প্রতি বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করার অভিযোগ উঠেছে। শোনা গেছে, যাদের হেনস্থা করা হয়েছে তারা মুর্শিদাবাদের বাসিন্দা।

দিলীপ ঘোষ
শেষ আপডেট: 24 July 2025 12:08
দ্য ওয়াল ব্যুরো: বিজেপি শাসিত একাধিক রাজ্যে 'বাঙালি হেনস্থা' (Harassment of Bengaliees) নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই ইস্যুতে নতুন করে 'ভাষা আন্দোলন'-এর ডাকও দিয়েছেন তিনি। তবে বিজেপি নেতা দিলীপের ঘোষ (Dilip Ghosh) পাল্টা অভিযোগ, বাংলা এবং বাঙালিকে সবথেকে বেশি অপমান করে তৃণমূল কংগ্রেসই (TMC)। শুধু তাই নয়, মমতা নিজে বাংলাদেশি (Bangladeshi) এবং বাংলাভাষী গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন বলে দাবি তাঁর।
তামিলনাড়ুতে সম্প্রতি বাঙালি পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers) হেনস্থা করার অভিযোগ উঠেছে। শোনা গেছে, যাদের হেনস্থা করা হয়েছে তারা মুর্শিদাবাদের বাসিন্দা। কিন্তু এটি মানতে নারাজ দিলীপ। তাঁর সাফ কথা, ''মুর্শিদাবাদের নাম করে যারা যাচ্ছে তারা বেশিরভাগ বাংলাদেশি। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বাংলাদেশি আর বাঙালি বা বাংলাভাষী গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। উনি বাঁচানোর চেষ্টা করছেন অনুপ্রবেশকারী মুসলিমদের।'' এইক্ষেত্রে তিনি বাংলায় বিহার স্টাইলে ভোটার লিস্ট সংশোধন চান।
বিজেপি নেতা বলছেন, ''আমরা ডিমান্ড করব, বিহারে যেভাবে ভোটার লিস্ট সংশোধন হচ্ছে বাংলাতেও নির্বাচনের আগে সেটাই করা উচিত। না হলে পশ্চিমবঙ্গে স্বচ্ছ নির্বাচন কোনও ভাবেই হবে না।'' দিলীপের দাবি, বাংলায় অন্তত ৪০-৫০ লক্ষ বাংলাদেশি রয়েছে, তাদের আলাদা করতেই হবে। একই সঙ্গে কীভাবে ভুয়ো ভোটার-আধার কার্ড তৈরি করে বাংলায় দুর্নীতি চলছে তারও 'উদাহরণ' রাখেন তিনি।
দিলীপ উবাচ, পয়সা দিলে বাড়ির কুকুরেরও আধার কার্ড তৈরি করা যায়। পশ্চিমবঙ্গে রাস্তায় বস্তা বস্তা ভোটার কার্ড ও আধার কার্ড পাওয়া গেছে। যে ১০ বছর আগে বাংলাদেশ থেকে এসেছে আর যে এখানে রয়েছে আজীবন, সেই দুজন এক হতে পারে কি, প্রশ্ন তোলেন তিনি। মনে করান, বাংলাদেশে ভোটার লিস্টে নাম রয়েছে অথচ এখানেও আছে এমনও দেখা গেছে।