সেই পোস্টেই মুখ্যমন্ত্রীর অভিযোগ, 'হিন্দি সিনেমায় ক্ষুদিরাম বসুকে 'ক্ষুদিরাম সিং' বলা হয়েছে। ছবির নাম না উল্লেখ থাকলেও বুঝতে বাকি রইল না মমতা বন্দ্যোপাধ্যায় অভিনেতা অক্ষয় কুমারের (Akshay Kumar) সাম্প্রতিক সিনেমা 'কেশরী ২'-এর প্রসঙ্গে কথা বলছেন।

গ্রাফিক্স- দ্য ওয়াল
শেষ আপডেট: 11 August 2025 11:19
দ্য ওয়াল ব্যুরো: ১৯০৮ সালের ১১ অগস্ট, এই দিনেই শহিদ হন বাংলার অদম্য বিপ্লবী ক্ষুদিরাম বসু। মাত্র ১৮ বছর বয়সে হাসিমুখে ফাঁসিকাঠে মৃত্যুকে বরণ করে নেওয়া এই বীরের প্রয়াণ দিবস আজও বাঙালির হৃদয়ে এক গর্ব আর বেদনার দিন। স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করা ক্ষুদিরামের স্মৃতিতে সোমবার শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে সেই পোস্টেই মুখ্যমন্ত্রীর অভিযোগ, 'হিন্দি সিনেমায় ক্ষুদিরাম বসুকে 'ক্ষুদিরাম সিং' বলা হয়েছে। ছবির নাম না উল্লেখ থাকলেও বুঝতে বাকি রইল না মমতা বন্দ্যোপাধ্যায় অভিনেতা অক্ষয় কুমারের (Akshay Kumar) সাম্প্রতিক সিনেমা 'কেশরী ২'-এর প্রসঙ্গে কথা বলছেন।
এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লিখেছেন, "একবার বিদায় দে মা ঘুরে আসি। হাসি হাসি পরব ফাঁসি, দেখবে ভারতবাসী।" এর সঙ্গে ক্ষুদিরামকে সশ্রদ্ধ প্রণাম জানান তিনি।
"একবার বিদায় দে মা ঘুরে আসি
হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী"
বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে জানাই সশ্রদ্ধ প্রণাম।
একটা কথা লিখি। সম্প্রতি একটি হিন্দি ছবিতে বিপ্লবী ক্ষুদিরামকে 'সিং' বলা হয়েছে। স্বাধীনতার জন্য যাঁরা জীবন দিয়েছেন তাঁদের অপমান করা হচ্ছে কেন? পথিকৃৎ…— Mamata Banerjee (@MamataOfficial) August 11, 2025
তবে শ্রদ্ধা জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী ক্ষোভও প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, "সম্প্রতি একটি হিন্দি ছবিতে বিপ্লবী ক্ষুদিরামকে 'সিং' বলা হয়েছে। স্বাধীনতার জন্য যাঁরা জীবন দিয়েছেন তাঁদের অপমান করা হচ্ছে কেন? পথিকৃৎ অমর বিপ্লবী ক্ষুদিরামকে ধরেও টানাটানি করবে ভাষা-সন্ত্রাসীরা? আমাদের মেদিনীপুরের অদম্য কিশোরকে দেখানো হয়েছে পাঞ্জাবের ছেলে হিসেবে। অসহ্য!"
ক্ষুদিরাম বসুর স্মৃতি বিজরিত মেদিনীপুর জেলায় উন্নয়নের কিছু খতিয়ানও তুলে ধরেছেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, "ক্ষুদিরাম বসুর জন্মস্মৃতি বিজড়িত মহাবনী ও সংলগ্ন অঞ্চলের আরো বেশি উন্নয়নের জন্য মহাবনী ডেভেলপমেন্ট অথরিটি করেছি...।"
প্রসঙ্গত, অক্ষয় কুমার অভিনীত 'কেশরী ২' সিনেমা মুক্তি পরই বিতর্কে জড়িয়ে পড়ে। এই ছবি তৈরি হয়েছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। তথ্যগত একাধিক ভুলকে আমজনতা মাফ করলেও বাংলার ক্ষুদিরাম বসু ও বারীন্দ্রকুমার ঘোষের 'অবাঙালিকরণ' চোখে পড়তেই ফুঁসে উঠেছিল আমজনতা।
ছবিতে বিপ্লবী ক্ষুদিরাম বসুর নাম বদলে হয়ে যায় ক্ষুদিরাম সিং। এখানেই শেষ নয় বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষের নাম-পদবি বদলে গিয়ে হয়েছে বীরেন্দ্র কুমার। এই তথ্য সামনে আসতেই একাধিক এফআইআর দায়ের করা হয়। 'বাঙালি'দের অপমানের জন্য পথে নেমেছিল বাংলা পক্ষ। এবার ক্ষুদিরামের প্রয়াণ দিবসে সরব হলেন মুখ্যমন্ত্রীও।