রবিবার আন্তর্জাতিক নারী দিবস। তার উপহার হিসেবেই ১ এপ্রিলের দিন পরিবর্তন করে শনিবার থেকে তাঁদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বলেই স্পষ্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, প্রাথমিকভাবে আগামী পাঁচ বছর প্রতিমাসে এই টাকা পাবেন আবেদনকারীরা।

ফাইল ছবি
শেষ আপডেট: 7 March 2026 12:29
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections 2026) আগে রাজ্য বাজেটে (ভোট অন অ্যাকাউন্ট) ঘোষিত প্রকল্প 'যুবসাথী'র (Yuvasathi Bekar Bhata) টাকা আগামী ১ এপ্রিল থেকে পাওয়ার কথা ছিল আবেদনকারীদের। কিন্তু তার টাকা শনিবার থেকেই ঢুকবে, এমন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
এসআইআর ইস্যুতে (West Bengal SIR) শুক্রবার থেকে ধর্মতলায় ধর্নায় বসেছেন তিনি। নানাবিধ ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে নিশানা করার পাশাপাশি 'যুবসাথী' নিয়েও বড় 'আপডেট' দেন মমতা। বলেন, ২১ থেকে ৪০ বছর বয়সের প্রায় ১ কোটি যুবক-যুবতী আবেদন করেছেন এই প্রকল্পের জন্য। ১ এপ্রিল থেকে টাকা অ্যাকাউন্টে দেওয়ার কথা থাকলেও তা মিলবে শনিবার থেকেই।
রবিবার আন্তর্জাতিক নারী দিবস। তার উপহার হিসেবেই ১ এপ্রিলের দিন পরিবর্তন করে শনিবার থেকে তাঁদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বলেই স্পষ্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, প্রাথমিকভাবে আগামী পাঁচ বছর প্রতিমাসে এই টাকা পাবেন আবেদনকারীরা। তারপরও যদি কেউ বেকার থাকেন, সেক্ষেত্রে রিভিউ করে সিদ্ধান্ত নেওয়া হবে।
শেষ পাওয়া তথ্য বলছে, এই প্রকল্পে অনলাইন (Online) ও অফলাইন (Offline) মিলিয়ে আবেদনকারীর মোট সংখ্যা ৮৪ লক্ষের গণ্ডি পেরিয়ে গিয়েছে। গ্রাম থেকে শহর - সর্বত্রই আবেদনকারীদের ভিড় নজর কাড়ছে প্রশাসনের (Bekar Bhata)।
যুবসাথী প্রকল্পে আবেদনের নিরিখে জেলাভিত্তিক তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এই জেলা থেকে মোট ৯ লক্ষ ৩৪ হাজার ২৮৫ জন প্রার্থী আবেদন জানিয়েছেন, যার মধ্যে ক্যাম্পের মাধ্যমে অফলাইনে আবেদনের সংখ্যাই বেশি (৭ লক্ষ ৬৯ হাজার ৩৭৫)। তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে মুর্শিদাবাদ (৭ লক্ষ ১৪ হাজার ১৩৩) এবং উত্তর ২৪ পরগনা (৭ লক্ষ ২০ হাজার ৭০)।
এদিকে আন্তর্জাতিক মহিলা দিবসে বিশেষ প্রতিবাদ কর্মসূচিরও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্যাসের দাম বৃদ্ধির সঙ্গে মেয়েদের নাম বাদ দেওয়া নিয়ে প্রতিবাদের ডাক দিয়েছেন তিনি। মমতা জানান, তিনি সাদা শাড়ি পরবেন, বাকিরা কালো পরে আসবেন। এও স্পষ্ট করেন, কোনও অশান্তির জন্য এই মিছিল নয়। শুধুমাত্র প্রতিবাদের জন্য।
এসআইআর ইস্যুতে কমিশনকে নিশানা করে মমতা বলেন, ‘মেয়েদের বিয়ের পর পদবি পরিবর্তনের জন্য নাম কেটে দিয়েছে। মেয়েদের ইচ্ছে তাঁরা কার পদবি রাখবে। সে নিজের পদবি রাখতে পারে কিংবা স্বামীর পদবি রাখতে পারে। সেটা তাঁর ইচ্ছে। কমিশন ঠিক করার কে?' এই নিয়েই প্রতিবাদ হবে বলে জানান মমতা।
গ্যাসের দাম ৬০ টাকা বাড়ার ইস্যুতে কেন্দ্রকে তুলোধনা করে মমতা বলেন, বলছে, গ্যাস নিতে গেলে ২১ দিন আগে বুক করতে হবে। তাহলে এখনই যাদের গ্যাস লাগবে, তাঁরা কী করবে - প্রশ্ন মমতার। বিজেপি সরকারকে বিঁধে বলেন, 'মানুষ কার মাথা খাবে এই ক'দিন, আপনাদের না আমাদের?'