মুখ্যমন্ত্রীর সঙ্গীতপ্রেম নতুন নয়। প্রায়ই সুযোগ পেলেই গান গেয়ে থাকেন তিনি। ব্যস্ততার মাঝে সময় পেলে হারমোনিয়াম নিয়ে বসে পড়েন।

মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেন।
শেষ আপডেট: 26 May 2025 18:34
দ্য ওয়াল ব্যুরো: নয়ের দশকের মাঝামাঝি সময়ে অখিলবন্ধু ঘোষের গানগুলিকে ফের যেন সজীব করে তুলেছিলেন ইন্দ্রনীল সেন। তাঁর অ্যালবামে ‘ও দয়াল বিচার করো’ গানটি নতুন করে জনপ্রিয়তা পেয়েছিল। সোমবার নজরুল জয়ন্তী উদযাপনের মঞ্চে সেই ইন্দ্রনীলের বিচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুরে ভুল ধরিয়ে দিয়ে নিজে গাইলেন মুখ্যমন্ত্রী—‘নয়ন ভরা জল গো তোমার...।’
মুখ্যমন্ত্রীর সম্ভবত এদিনের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল না। নবান্ন থেকে ফেরার পথে তিনি পৌঁছে যান রবীন্দ্রসদনে। তিনি মঞ্চে উঠতেই তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, ‘দিদি যখন এসেই পড়েছ, তোমার পছন্দের একটা গান করো। এক লাইন গাও’।
মুখ্যমন্ত্রীর গানের গলার তারিফ করতে গিয়ে ইন্দ্রনীল বলেন, দিদি কিন্তু রবীন্দ্র, নজরুল, রজনীকান্ত—সবার গানেই সমান স্বচ্ছন্দ। অনেকেই সেটা হয়তো জানেন না।
তা শুনে মুখ্যমন্ত্রী বলেন, “আমি তো সময়ই পাই না। প্র্যাকটিস করি না, চর্চা করি না। সকাল থেকে ফাইল ঘেঁটে ঘেঁটে আর বক বক করে করে আমার গলা থেকে সুর বেরোনো মুশকিল হয়ে যায়।” এও বলেন, “দেখো রূপঙ্কর, ইমন, মনোময়, রাঘব, ডোনা সবাই বসে আছে। ওদের বসিয়ে রেখে আমার গান গাওয়া শোভা পায় না।”
ইন্দ্রনীল ছাড়ার পাত্র নন। বলেন,“অবশ্যই শোভা পায়।” অগত্যা গান গাইতে রাজি হন মুখ্যমন্ত্রী। তবে মাইক হাতে নিয়ে বলেন, “দেখো, আমার কিন্তু কথার ভুল হলে ধরবে না। আমার কাছে কাগজ নেই। ছোটবেলায় রেডিওতে শুনতাম, সেভাবেই শিখেছি।”
তাঁর কথা থামতেই, গমগমে গলায় ইন্দ্রনীল গেয়ে ওঠেন, ‘নয়ন ভরা জল গো তোমার/ আঁচল ভরা ফুল’। তার পর যেই না দ্বিতীয় পংক্তি শুরু করেছেন, মানে— 'ফুল যদি নিই তোমার হাতে’, দিদি বলে ওঠেন, "ভুল... তুমি ভুল সুরে গাইছো।" এর পর গোড়া থেকে ফের গানটি ধরেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর সঙ্গীতপ্রেম নতুন নয়। প্রায়ই সুযোগ পেলেই গান গেয়ে থাকেন তিনি। ব্যস্ততার মাঝে সময় পেলে হারমোনিয়াম নিয়ে বসে পড়েন। জেলা সফরে যাওয়ার পথে সিন্থেসাইজারও বাজান কখনওসখনও। কয়েক মাস আগে বিদেশের মাটিতেও নির্দ্বিধায় সুরের ঝঙ্কার তোলার চেষ্টা করেছিলেন তিনি। এই সেদিনও পয়লা বৈশাখ উপলক্ষে নিজের লেখা ও সুরে একটি গান গেয়েছেন।
আজও তেমনই ঘটল রবীন্দ্রসদনে, নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানে। বাংলার তখতে বসা ইস্তক মণীষীদের জন্মদিনে বিশেষ সরকারি অনুষ্ঠা করেছেন মুখ্যমন্ত্রী। সকাল থেকে রাত দল এবং প্রশাসনের কাজ সামলাতে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কখনওই ভুল হয় না এই ধরনের অনুষ্ঠান আয়োজনে। এদিন নজরুল ইসলামের জন্মদিনেও তেমনই আয়োজন হয়েছিল। সেখানেই গান গাইলেন তিনি। একেবারে ডুয়েট।