সম্প্রতি বিভিন্ন জায়গায় বাঙালিদের উপর ‘বহিরাগত শক্তি’র আগ্রাসনের চেষ্টা চলছে। তিনি সাফ জানিয়েছেন, “বাঙালিদের অপমান সহ্য করা হবে না। কেউ গায়ে হাত দিলে রেহাই পাবে না।”

আব্দুর রহিম বক্সী
শেষ আপডেট: 1 August 2025 15:28
দ্য ওয়াল ব্যুরো: ‘বাঙালিদের গায়ে হাত দিলে কেটে নেওয়া হবে’! মালদহের তৃণমূল সভাপতির (Maldah TMC President) মন্তব্য চরম বিতর্ক সৃষ্টি হল। এই নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।
সম্প্রতি দেশের একাধিক রাজ্যে বাঙালিদের হেনস্থা (Harassment of Bengaliees) করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে জাতীয় স্তরে যেমন সরব হয়েছে তৃণমূল কংগ্রেস, তেমনই বাংলায় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইস্যুটি নিয়ে মিছিল করেছেন। তবে মালদহের তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সীর (Abdur Rahim Boxi) মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে।
বাঙালি হেনস্থা ইস্যুতে তাঁর হুঁশিয়ারি — "বিজেপি শাসিত রাজ্যের পুলিশ হোক কিংবা বাংলার বিজেপি সদস্য, যদি কেউ বাঙালিদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করে, তাহলে তাদের হাত কেটে নেওয়া হবে।" বক্সীর এও বক্তব্য, বিজেপির সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের তিনি চ্যালেঞ্জ করছেন। কোনও একজন বাঙালির ওপর অত্যাচার হলে তা রুখে দেবেন তারা।
সম্প্রতি বিভিন্ন জায়গায় বাঙালিদের উপর ‘বহিরাগত শক্তি’র আগ্রাসনের চেষ্টা চলছে। তিনি সাফ জানিয়েছেন, “বাঙালিদের অপমান সহ্য করা হবে না। কেউ গায়ে হাত দিলে রেহাই পাবে না।”
তাঁর এই মন্তব্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। পাল্টা সরব হয়ে বিজেপির পাল্টা প্রশ্ন, “এটাই কি তৃণমূলের রাজনৈতিক ভাষা? গণতন্ত্রে কি এভাবেই বিরোধীদের জবাব দেওয়া হবে?” বিজেপির অভিযোগ, “বাংলায় আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, আর শাসকদলের নেতারাই আগুনে ঘি ঢালছেন।”
তবে এখনও পর্যন্ত এই বক্তব্য নিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া মেলেনি।