পুলিশসূত্রে জানা গেছে, হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে বিহারের বেগুসরাই পালানোর চেষ্টা করেছিল ওই নাবালক। সঙ্গে ছিল তার মা ও বোনও।

অভিযুক্ত ছাত্র
শেষ আপডেট: 13 September 2025 12:10
দ্য় ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে (Metro Rail) ক্লাস ইলেভেনের ছাত্রকে ছুরি মেরে খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। হাওড়া স্টেশন থেকে ক্লাস ইলেভেনের ওই ছাত্রকে (sghool student) গ্রেফতার করা হয়। আটক করা হয়েছে তার মা ও বোনকেও।
পুলিশসূত্রে জানা গেছে, হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে বিহারের বেগুসরাই পালানোর চেষ্টা করেছিল ওই নাবালক। সঙ্গে ছিল তার মা ও বোনও। গোপনসূত্রে খবর পেয়ে তাদের পাকড়াও করে পুলিশ। ওই ছাত্রও বাগবাজার হাইস্কুলের পড়ুয়া বলে সূত্রের খবর।
শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মেট্রো করে ছাত্রদের একটি দল দক্ষিণেশ্বরে নেমেছিল। সেখানেই তাদের মধ্যে বচসা শুরু হয়। তা হাতাহাতিতে রূপ নেয়। হঠাৎই একজন ছুরি বার করে সঙ্গীর পেটে ঢুকিয়ে দেয়। মাটিতে লুটিয়ে পড়ে ওই পড়ুয়া। সঙ্গে সঙ্গে দোতলার পিছনের দিকের সিঁড়ি দিয়ে তাকে নীচে নামিয়ে হাসপাতালে নিয়ে যায় অন্য পড়ুয়ারা। হইচইয়ের মধ্যেই অভিযুক্ত গা ঢাকা দেয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। মেট্রো স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তিনজনকে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে মূল অভিযুক্তের খোঁজ শুরু করে পুলিশ। পরে হাওড়া স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান প্রণয়ঘটিত (Love Relations) কারণেই ওই ছাত্রের পেটে ছুরি মারা হয়েছে। নিহত ছাত্র বাগবাজার বয়েজ স্কুলের (Bagbazar School) ক্লাস ইলেভেন কলাবিভাগের (Arts) ছাত্র।অভিযুক্ত ছাত্র ওই স্কুলেরই বাণিজ্য বিভাগে (Commerce) পড়াশোনা করে।