রাজ্য বাজেটের দিনেই একাধিক দাবিতে বিধানসভা অভিযান মাদ্রাসা শিক্ষকদের। বৃহস্পতিবার শিক্ষা ঐক্যমঞ্চের দাবিতে পথে নামল শিক্ষা ঐক্য মঞ্চ।

শিক্ষকদের বিধানসভা অভিযান
শেষ আপডেট: 5 February 2026 17:34
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বাজেটের (West Bengal Budget 2026) দিনেই একাধিক দাবিতে বিধানসভা অভিযান শিক্ষা ঐক্য মঞ্চের। বৃহস্পতিবার পথে নামল মাদ্রাসা শিক্ষকরাও। এই কর্মসূচিতে সামিল ছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিও (ISF MLA Nausad Siddiqui)। এদিন নিউ মার্কেট চত্বরে শিক্ষকদের মিছিল পৌঁছাতেই পুলিশ তাদের আটকায়। আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন নওসাদ সিদ্দিকিও।
ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (ISF MLA Nausad Siddiqui) সাংবাদিকদের সামনে বলেন, "যাঁরা আন্দোলন করছেন, সেখান থেকে অন্তত একটি প্রতিনিধি দলকে নিয়ে বিধানসভা যাব। যদি সেই অনুমতি না পাওয়া যায়, তাহলে সবাইকে নিয়ে যেতে হবে। তাতে কাউকে আটকালে আমরা সবাই গ্রেফতার হব। আমরা আইনকে মান্যতা দিই কিন্তু আমাদের আইন ভাঙতে হবে এমন পরিস্থিতি তৈরি না করা হলেই ভাল।"
আইএসএফ বিধায়কের (ISF MLA) আরও অভিযোগ, 'নিজেদের দাবি নিয়ে আসছে, অথচ এমনভাবে ব্যারিকেড দিয়ে দিচ্ছে, যেন কোনও অপরাধ করছেন।' নওশাদ সিদ্দিকি নিজেই ব্যারিকেড সরানোর চেষ্টা করেন। কিন্তু সেইসময়েই পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন তিনি। অন্যদিকে, আন্দোলনকারী শিক্ষকরাও ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। সব মিলিয়ে শিক্ষকদের চাকরি-বিক্ষোভে ফের উত্তপ্ত হয়ে উঠল শহর কলকাতা।
এদিন মূলত বেতন বৃদ্ধি ও এজেন্সির বদলে সরাসরি শিক্ষা দফতরের অধীনে নিয়োগ- এই দু’টি দাবিকে সামনে রেখে তাঁরা শিয়ালদহ থেকে বিধানসভা অভিযানের (Assembly Abhijan) উদ্দেশ্যে মিছিল করেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁরা একসময় শিক্ষা দফতরের অধীনেই ছিলেন। কিন্তু ২০১৪ সাল থেকে তাঁদের কারিগরি শিক্ষা দফতরের (Education Department) আওতায় এনে একটি বেসরকারি সংস্থার মাধ্যমে নিয়োগ করা হয়। অভিযোগ, “এজেন্সির মাধ্যমে নিয়োগের ফলে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বহু বছর ধরে বেতন বৃদ্ধিও হয়নি। অনেকেই গত ছ’মাস ধরে বেতনই পাননি।”
শিক্ষকদের দাবি, স্থায়ী নিয়োগ ও নিয়মিত বেতন ছাড়া বৃত্তিমূলক শিক্ষার প্রসার সম্ভব নয়। তাই এবার তাঁদের সরব প্রতিবাদ- সরাসরি শিক্ষা দফতরের অধীনে এনে নিয়োগ ব্যবস্থা বদল ও বেতন বৃদ্ধির দাবিতে রাস্তায় নামল শিক্ষা ঐক্য মঞ্চ।