
শেষ আপডেট: 25 July 2023 04:27
দ্য ওয়াল ব্যুরো: ফাঁদটা বুঝতে পারেননি মধ্যপ্রদেশ সরকারের (Madhya Pradesh) উচ্চপদস্থ এক কর্মী। হাত পেতে কড়কড়ে পাঁচ হাজার টাকা ঘুষ (Bribe) নিতে গিয়ে হাতেনাতেই ধরা পড়েছিলেন তিনি। গোটাটাই যে ছিল স্টিং অপারেশন সেটা বোঝামাত্রই গপ করে পাঁচ হাজার টাকা গিলে ফেলেন তিনি। তারপরেই ঢকঢক করে জল খেয়ে ফেলেন। ঘুষের টাকা পুরোটাই চলে যায় পেটে।
মধ্যপ্রদেশে (Madhya Pradesh) এক সরকারি আধিকারিকের অফিসে এই ঘটনা ঘটেছে। লোকায়ুক্ত স্পেশাল পুলিস এসট্যাবলিশমেন্ট (SPE) টিম ঘুষখোর অফিসারকে ধরার ফাঁদ পেতেছিল। লোভ দেখিয়ে পাঁচ হাজার টাকা ঘুষ দিতেই হাত পেতে খপাৎ করে সেই টাকা নিয়েছিলেন অফিসার। আর তারপরেই ভুলটা বুঝতে পারেন। তিনি বোঝেন পুলিশের জালে পা দিয়ে ফেলেছেন। আর সময় নষ্ট না করে গপ করে টাকাটা মুখে চালান করে দেন অফিসার। দিব্যি চিবিয়ে গিলে টাকাটা খেতেও দেখা যায় তাঁকে। সেই ঘটনার ভিডিও ভাইরালও হয়েছে।
দেখুন ভিডিও
পুলিশ জানিয়েছে, বারখেদা গ্রামে গজেন্দ্র সিং নামে রাজ্য সরকারের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন ওই কর্মী। তবে আপাতত গজেন্দ্র সিংয়ের ঠিকানা হাসপাতাল। সেখানে তাঁর পেটের ভেতর থেকে পাঁচ হাজার টাকার দলা পাকানো নোট বের করেছেন ডাক্তারবাবুরা। সরকারি কর্মীর অবস্থা এখন স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। একটু সুস্থ হলেই তাঁকে জেলে পাঠানো হবে।
আরও পড়ুন: 'মণিপুর নিয়ে মুখ খুলুন', মোদীকে পরামর্শ পুলওয়ামা নিয়ে 'বিস্ফোরক' মালিকের