স্কুলগুলি নিজেদের স্কুল লগইন-এর মাধ্যমে PDF ফর্ম্যাটে একত্রে সব ছাত্রছাত্রীর পিপিআর/পিপিএস ফলাফল ডাউনলোড করতে পারবে।

শেষ আপডেট: 17 June 2025 17:44
দ্য ওয়াল ব্যুরো: গত ২ মে প্রকাশিত হয়েছিল মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Exam 2025)। প্রকাশিত ফলাফলের রিভিউ এবং স্কুটিনি নিয়ে অনেক পরীক্ষার্থী আবেদন করেছিলেন। আগামিকাল বুধবার ওই পিপিআর (Post Publication Review ) ও পিপিএস ( Post Publication Scrutiny)-এর ফলাফল প্রকাশিত হবে।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে পর্ষদের তরফে একথা জানানো হয়েছে। পর্ষদ সূত্রে জানানো হয়েছে, আগামিকাল ১৮ জুন সকাল ৯টা থেকে প্রকাশিত হবে পিপিআর ও পিপিএস-এর ফলাফল।
পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, ছাত্রছাত্রীরা https://result.wbbsedata.com ওয়েবসাইটে গিয়ে নিজেদের রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে লগ-ইন করলেই ফলাফল দেখতে পারবে।
স্কুলগুলি নিজেদের স্কুল লগইন-এর মাধ্যমে PDF ফর্ম্যাটে একত্রে সব ছাত্রছাত্রীর পিপিআর/পিপিএস ফলাফল ডাউনলোড করতে পারবে।
পর্ষদের তরফে আরও জানানো হয়েছে, যাঁদের নম্বর পরিবর্তন হয়েছে, সেই ছাত্রছাত্রীদের নতুন মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে হবে সংশ্লিষ্ট রিজিওনাল অফিস থেকে। তবে এই কাজটি করতে হবে ফল প্রকাশের সাত দিনের মধ্যে। আর এর জন্য আগের অরিজিনাল মার্কশিট ও সার্টিফিকেট জমা দিতে হবে।
এ ব্যাপারে সমস্ত বিদ্যালয় ও পরিদর্শকদের সক্রিয় ভূমিকার আবেদন জানিয়ে পর্ষদের সচিব সুব্রত ঘোষ জানিয়েছেন, সময়মতো ফল প্রকাশ করা হচ্ছে। সংশোধিত মার্কশিট বিতরণের ক্ষেত্রেও সকলের সহযোগিতা প্রয়োজন।