
শেষ আপডেট: 7 April 2022 09:18
দ্য ওয়াল ব্যুরো: এক ধাক্কায় ৫০ টাকা বেড়ে রান্নার গ্যাসের দাম প্রায় হাজার টাকা ছুঁয়ে ফেলেছে। এলপিজির মূল্যবৃদ্ধিতে চোখে সর্ষেফুল দেখছে আমজনতা। সঙ্গে দোসর হয়েছে সিএনজিও (LPG CNG)। বৃহস্পতিবার সিএনজির দাম দিল্লিতে আবার বেড়েছে (Fuel Price Hike)। কেজি প্রতি আড়াই টাকা দাম বেড়েছে সিএনজি-র। এই নিয়ে পরপর দুদিন কমপ্রেসড ন্যাচারাল গ্যাসের দাম বাড়ল।
আরও পড়ুন: ডাল দিয়ে ছাত্রের পিঠের ছাল তুললেন প্রধান শিক্ষক, থানায় অভিযোগ দায়ের
মার্চ থেকে সিএনজি-র দাম বাড়তে শুরু করেছে। সেই থেকে এখনও পর্যন্ত মোট ১২.৫ টাকা বেড়ে গেল এই জ্বালানি গ্যাসের দাম। দিল্লিতে এখন এক কেজি সিএনজি বিকোচ্ছে ৬৯.১১ টাকা দরে। বুধবারও আড়াই টাকা মূল্যবৃদ্ধি হয়েছিল, বৃহস্পতিবারও তাই হল। বিভিন্ন শহরে এই দাম আলাদা আলাদা হয়, দামের হেরফের নির্ভর করে স্থানীয় করের উপর।
স্বাভাবিক গ্যাসকে একত্রিত করে সিএনজি তৈরি করা হয় যা গাড়ির জ্বালানি হিসেবে কাজ করে। ওই একই গ্যাস আবার পাইপজাত করে গৃহস্থালীতে কাজে লাগে রান্নার গ্যাস হিসেবেও। দিল্লিতে অবশ্য সেই পাইপড কুকিং গ্যাসের দাম নতুন করে বাড়েনি। এখনও সেই গ্যাস বিকোচ্ছে ৪১.৬১ টাকা কেজি দরেই।
এদিকে পেট্রোল ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস ওঠার জোগাড় সাধারণ মানুষের। ব্যক্তিগত গাড়ি নিয়ে বেরোতেই ভয় পাচ্ছেন মানুষ। গত দুই থেকে তিন সপ্তাহ ধরে একটানা জ্বালানি তেলের দাম বেড়ে চলেছে। মূল্যবৃদ্ধিতে কোনও লাগাম নেই। এর প্রভাব অবশ্যম্ভাবীভাবে পড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের বাজারে। দামের ছ্যাঁকায় নাজেহাল হচ্ছেন মানুষ। আমজনতার চোখেমুখেই এখন একটা প্রশ্ন, এই মূল্যবৃদ্ধির শেষ কোথায়?