কোভিডের সময় বন্ধ হওয়া প্রবীণদের টিকিটে ছাড় আজও ফেরেনি। তাতে দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ প্রবীণ যাত্রীরা। সেই ক্ষোভ প্রশমিত করতেই রেলমন্ত্রকের নতুন উদ্যোগ, লোকাল ট্রেনে তাঁদের জন্য একটি নির্দিষ্ট কামরা।

ফাইল ছবি।
শেষ আপডেট: 19 July 2025 16:20
দ্য ওয়াল ব্যুরো; ট্রেনে প্রবীণ যাত্রীদের (Senior Citizens) জন্য সুখবর। মুম্বইয়ের পরে এবার কলকাতার লোকাল ট্রেনেও (Local Trains) প্রবীণ নাগরিকদের জন্য সংরক্ষিত কামরার ভাবনা (Dedicated Coaches)। ইতিমধ্যেই মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস থেকে দমভিলি পর্যন্ত ইএমইউ লোকালে পরীক্ষামূলকভাবে একটি কামরা বরাদ্দ করা হয়েছে শুধুই প্রবীণদের জন্য (Pilot Project, Mumbai)। রেল সূত্রে খবর, সেখান থেকে যথেষ্ট ইতিবাচক সাড়া পাওয়ার পরই অন্য শহরগুলিতেও এই ব্যবস্থা চালুর কথা ভাবা হচ্ছে। তালিকায় রয়েছে কলকাতাও।
কোভিডের সময় বন্ধ হওয়া প্রবীণদের টিকিটে ছাড় আজও ফেরেনি। তাতে দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ প্রবীণ যাত্রীরা। সেই ক্ষোভ প্রশমিত করতেই রেলমন্ত্রকের নতুন উদ্যোগ, লোকাল ট্রেনে তাঁদের জন্য একটি নির্দিষ্ট কামরা।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানিয়েছেন, “এটি একটি সদর্থক ভাবনা। সময় এবং চাহিদা অনুযায়ী কলকাতাতেও এটি চালু করা যেতে পারে।”
রেলমন্ত্রকের শীর্ষ সূত্র জানাচ্ছে, মহিলাদের জন্য যেখানে আলাদা কামরা এবং কখনও কখনও সম্পূর্ণ মহিলা লোকাল ট্রেনও চলে, সেখানে প্রবীণদের জন্য এতদিন এমন কোনও আলাদা ব্যবস্থা ছিল না। মাত্রাছাড়া ভিড়ে ট্রেনে ওঠাই দুষ্কর হয়ে দাঁড়ায় তাঁদের পক্ষে। সেই সমস্যা মেটাতেই এই নতুন ব্যবস্থা।
মুম্বইয়ে যে কামরা চালু হয়েছে, তাতে রয়েছে মুখোমুখি তিন ও দু’টি সিটের কম্বিনেশন, বিশেষ হ্যান্ডরেল এবং সহজে ট্রেনে ওঠার জন্য অতিরিক্ত ধাপ। কলকাতায় যদি এই ব্যবস্থা চালু হয়, তা হলে উপকৃত হবেন বহু প্রবীণ নাগরিক, এমনটাই মত রেল সূত্রের।
রেল বোর্ডের পরিকল্পনা অনুযায়ী, ধাপে ধাপে দেশের সমস্ত বড় শহরের লোকাল ট্রেনে এই ব্যবস্থা চালু করার ভাবনা রয়েছে। কলকাতা, যেখানে লোকাল ট্রেনই বহু মানুষের দৈনন্দিন যাতায়াতের প্রধান ভরসা, সেখানে দ্রুত এই পদক্ষেপের আশায় রয়েছেন যাত্রীরা।