
শেষ আপডেট: 21 August 2023 14:52
দ্য ওয়াল ব্যুরো: তাঁরা সাধারণ মানুষকে ‘মুরগি’ করেন! ক্ষেত্র বিশেষে ব্ল্যাকমেলিংও! কলকাতা পুরসভার লাইসেন্সড বিল্ডিং সার্ভেয়ারদের (Licensed Building Surveyors) বিরুদ্ধে শুক্রবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠান থেকে এমনই বিস্ফোরক অভিযোগ করেছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এমনকী তিনি নিজেও লাইসেন্সড বিল্ডিং সার্ভেয়ারদের অতিরিক্ত টাকা দাবি করার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেছিলেন ফিরহাদ।
তারই প্রতিবাদে সোমবার একদিনের প্রতীকী পেন ডাউন কর্মসূচি পালন করলেন কলকাতা পুরসভার লাইসেন্সড বিল্ডিং সার্ভেয়ারেরা (License Building Surveyors)। তাঁদের বক্তব্য, “পুরমন্ত্রীর (Firhad Hakim) বক্তব্যে আমরা ব্যথিত। উনি যেভাবে আমাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে মুরগি করার, ব্ল্যাকমেলিং করার অভিযোগ করেছেন তাতে আমরা অপমানিতও হয়েছি। তাই ঘটনার জন্য ওনাকে ক্ষমা চাইতে হবে। দুঃখ প্রকাশ করতে হবে। ঘটনার প্রতিবাদে একদিনের প্রতীকী পেন ডাউন কর্মসূচি।”
ঘটনার সূত্রপাত, গত শুক্রবার। ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে মেয়র অভিযোগ করেন, তিনি নিজেও লাইসেন্সড বিল্ডিং সার্ভেয়ারদের অতিরিক্ত টাকা দাবি করার শিকার হয়েছেন। এছাড়া সাধারণ মানুষকে বিল্ডিং সার্ভেয়াররা মুরগি করে বলেও মন্তব্য করেন মেয়র। এমনকী সুযোগ বুঝে সাধারণ মানুষকেও ওরা ব্ল্যাকমেলিং করেন বলেও তাঁর কাছে অভিযোগ এসেছে বলে মেয়র জানান। এরই প্রতিবাদে এদিন আন্দোলনে নামেন কেএমসি এলবিএস অ্যাসোসিয়েশনের সদস্যরা।
সংগঠনের তরফে মানসমোহন গুহ মজুমদার বলেন, “যখন কেউ বাড়ি করবেন ভাবেন, তাঁদের চিন্তাটাকে ইঞ্জিনিয়রিং প্ল্যান দিয়ে আমরা প্রকৃত রূপ দিই। ফলে আমাদের কাজে দুর্নীতির প্রশ্নই নেই। তবু তর্কের খাতিরে বলতে পারি, সব প্রফেশনেই দু’একজন খারাপ লোক থাকে। তাদের জন্য সামগ্রিকভাবে সকলকে আক্রমণ ঠিক নয়। কর্পোরেশনের অভিভাবক হিসেবে তিনি এভাবে আমাদের অপমান করতে পারেন না।”
আরও পড়ুন: ‘এত রক্ত নিয়েও বদলায়নি!’ যাদবপুর কাণ্ডে ফের সিপিএমকে আক্রমণ মমতার, উঠে এল সারদা প্রসঙ্গও