অভিযোগ, আদালতের কাজ সেরে দুপুরের পর জুলিয়াস নায়ার বাড়ি ফিরছিলেন। সেই সময় রায়গঞ্জ–বালুরঘাট রাজ্য সড়কের উদয়পুর এলাকায় কয়েকজন অপরিচিত ব্যক্তি তাকে জোর করে একটি গাড়িতে তুলে নিয়ে চম্পট দেয়।

শেষ আপডেট: 4 December 2025 19:32
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: দিনের আলোয় রায়গঞ্জ আদালতের এক আইনজীবীকে অপহরণের অভিযোগে শোরগোল পড়ল রায়গঞ্জের উদয়পুর এলাকায়। বৃহস্পতিবার হেমতাবাদ এলাকার বাসিন্দা ও রায়গঞ্জ আদালতের আইনজীবী জুলিয়াস নায়ারকে অপহরণ করা হয়েছে বলে জানান আদালতের সরকারি আইনজীবী স্বরূপ বিশ্বাস।
তিনি জানান, আদালতের কাজ সেরে দুপুরের পর জুলিয়াস নায়ার বাড়ি ফিরছিলেন। সেই সময় রায়গঞ্জ–বালুরঘাট রাজ্য সড়কের উদয়পুর এলাকায় কয়েকজন অপরিচিত ব্যক্তি তাকে জোর করে একটি গাড়িতে তুলে নিয়ে চম্পট দেয়। এই ঘটনা জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। ওই আইনজীবীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। সহকর্মী আইনজীবীর অপহরণের প্রতিবাদে রায়গঞ্জ আদালতের আইনজীবীরা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তাঁদের দাবি, অভিযুক্তদের তড়িঘড়ি গ্রেফতার করে জুলিয়াস নায়ারকে অবিলম্বে উদ্ধার করতে হবে।
আইনজীবী জুলিয়াস নায়ারকে অপহরণের খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছে পরিবার। তাঁরা বুঝতে পারছেন না, কী কারণে অপহরণ করা হল তাঁকে। আইনজীবীকে খুঁজে বার করতে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সূত্র খোঁজার চেষ্টা করছেন পুলিশকর্তারা।
জানা গিয়েছে, অপহরণের সময় ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলেন করনদিঘির বিধায়ক গৌতম পাল। তিনি এই ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত পদক্ষেপ করার জন্য প্রশাসনের কাছে আর্জি জানান। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে সমগ্র এলাকায়। অপহৃত আইনজীবীকে উদ্ধারের জন্য পুলিশ জোরদার তল্লাশি চালাচ্ছে ।