অভিজ্ঞতা না থাকলেও, অতীতের দেখা দাইমাদের মতো নিষ্ঠা, সাহস আর মানবিকতা নিয়ে এগিয়ে এসে মা ও নবজাতকের প্রাণ বাঁচান মালাদেবী।

ভিনরাজ্যের মহিলার প্রসব করালেন বর্ধমানের মালা
শেষ আপডেট: 4 August 2025 20:02
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বেঙ্গালুরুর এসএমভিটি স্টেশনে বাচ্চা প্রসব করিয়ে এক মহিলার জীবন বাঁচালেন পূর্ব বর্ধমানের মালা সর্দার। বেঙ্গালুরুর ব্যস্ত এসএমভিটি রেলস্টেশনে গত ২৮ জুলাই ট্রেন থেকে নেমে হঠাৎ প্রসব বেদনায় কাতর হয়ে পড়েন এক গর্ভবতী মহিলা। এই ঘটনায় আতঙ্ক আর উদ্বেগ ছড়িয়ে পড়ে স্টেশনে। এই অবস্থায় এগিয়ে আসেন পূর্ব বর্ধমানের সেহারাবাজার এলাকার বাসিন্দা মালা সর্দার। নিঃসঙ্কোচে, দ্রুত সিদ্ধান্ত নিয়ে তিনি স্টেশনের মধ্যেই ওই মহিলার প্রসব করান।
অভিজ্ঞতা না থাকলেও, অতীতের দেখা দাইমাদের মতো নিষ্ঠা, সাহস আর মানবিকতা নিয়ে এগিয়ে এসে মা ও নবজাতকের প্রাণ বাঁচান মালাদেবী। ততক্ষণে অবশ্য রেলকর্মী ও রেলপুলিশ হাজির হয়। মালা সর্দার জানান,ওই প্রসূতি বিহার থেকে ট্রেনে করে বেঙ্গালুরুর এসএমভিটি স্টেশনে নামেন। সঙ্গে ছিলেন তাঁর স্বামী ও একটি বাচ্চা। স্টেশনের প্ল্যাটফর্মের মধ্যে স্ত্রীর প্রসববেদনা ওঠায় স্বামী তখন কার্যত দিশেহারা। অন্যান্য যাত্রীরাও কেউ সাহস করে এগিয়ে আসছিলেন না। মালাই তখন এগিয়ে যান প্রসূতির কাছে।
জানা গিয়েছে মালা সর্দার এলাকা থেকে রোগীদের বেঙ্গালুরু- সহ বিভিন্ন জায়গায় রোগীদের চিকিৎসা করাতে নিয়ে যান। গত ২৮ জুলাই হাওড়া ফেরার জন্য তিনি বেঙ্গালুরু স্টেশনে অপেক্ষা করছিলেন দুরন্ত এক্সপ্রেস ধরার জন্য। তখন সকাল সাড়ে আটটা।একজন মহিলা ট্রেন থেকে নামেন ব্যাঙ্গালোরের এসএমভিটি স্টেশনে। আর এর পরই মহিলার প্রসব যন্ত্রণা শুরু হয়। মহিলাকে যন্ত্রণায় কাতরাতে দেখেই তিনি তৎক্ষণাৎ সাহস নিয়ে ওই মহিলাকে সাহায্য করতে এগিয়ে যান এবং সুস্থ বাচ্চা প্রসব করান। মালা সর্দার বলেন, "আমার মা ছিলেন একজন দাইমা। আমি ছোটবেলা থেকে অনেক বাচ্চা প্রসব হতে দেখেছি। তাই সাহস করে এগিয়ে গিয়েছিলাম। খুবই ভালো লাগছে যে মা ও শিশুকে সুরক্ষিত করতে পেরেছি।"
গত কয়েক মাস ধরে ভিন রাজ্যে বাঙালিরা আক্রান্ত হচ্ছে বলে বারে বারে অভিযোগ উঠছে। পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে। পুলিশি হয়রানির শিকার হচ্ছে, এই সব ঘিরে শাসক বিরোধী চাপানউতোর চলছে। তার মধ্যে এক বাঙালি মহিলার এই সাহসী কাজকে কার্যত কুর্নিশ জানিয়েছে রেল পুলিশ ও রেল কর্তৃপক্ষ।